নড়াইলে ২১ দিনে সাত শিশুর মৃত্যু
বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নড়াইলে গত ২১ দিনে এক দিন থেকে এক বছর বয়সী সাতটি শিশু মারা গেছে। অসুস্থ আরও এক হাজার ৩৫ জনকে সদর হাসপাতালসহ লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৪০৬ জন শিশুকে এবং ভর্তি আছে ৭০ জন। ৪০৬ জনের মধ্যে সাতজন মারা গেছে। যাদের দুজন ছেলে ও পাঁচজন মেয়ে। এসব শিশুর বেশির ভাগের জন্মের আগে বা পরে প্রয়োজনীয় অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে। সে সঙ্গে অপুষ্টি ও নিউমোনিয়াজনিত কারণেও মারা গেছে শিশুরা।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহিদুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত এ হাসপাতালে মোট ২৫৭টি শিশু চিকিৎসা নিয়েছে। অপুষ্টি ও ঠান্ডাজনিত রোগের কারণে এসব শিশু ভর্তি হচ্ছে। কিন্তু কেউ মারা যায়নি।
কালিয়া উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল হোসেন জানান, চলতি মাস থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ৩৭২টি শিশুর চিকিৎসা করা হয়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অনিতা সাহা বলেন, অভিভাবকদের অজ্ঞতা, গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো এবং সময়মতো হাসপাতালে না আনায় এসব শিশু মারা যাচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক ও সময়ের আগে ভূমিষ্ট হওয়ার কারণেও এমনটি ঘটছে।