নড়াইলের মুক্তিযোদ্ধার কবরে সম্মান জানাতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের এক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করায় তাঁর কবরে মরণোত্তর সম্মান জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নড়াগাতী থানার ওসির প্রতি এ নির্দেশ জারি করা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সম্প্রতি এ আদেশ দেন। ‘রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন, ক্যারমে ব্যস্ত ওসি!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে ১২ জুন একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন পরদিন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ১৩ জুন আদালত রুল জারির পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের বিষয়ে ভূমিকা জানাতে নড়াইলের নড়াগাতী থানার ওসি ৯ জুলাই হাজির হতে নির্দেশ দেন। আদালত প্রয়াত মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিনের কবরে মরণোত্তর সম্মান জানাতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন।