নড়িয়ায় দুই শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সহোদর দুই শিশুর মৃত্যুর কারণ গতকাল মঙ্গলবার পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এ ঘটনায় শিশু দুটির দাদা আলম শরীফ বাদী হয়ে নড়িয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন।
পরিবারের বরাত দিয়ে নড়িয়া থানার পুলিশ জানায়, কালিকাপ্রসাদ গ্রামের অটোরিকশাচালক লিয়াকত হোসেন ও তাঁর স্ত্রী পারভিন আক্তার দম্পতির তিন সন্তান সাদিয়া, সামিয়া ও লামিয়া। গত রোববার রাত আটটার দিকে খাবার খেয়ে এই শিশুরা ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে মা মক্তবে পড়তে যাওয়ার জন্য সাদিয়া ও সামিয়াকে ঘুম থেকে জাগাতে যান। কিন্তু সাড়া না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, শিশু দুটির ময়নাতদন্ত করা হয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধজনিত কারণে যদি তাদের মৃত্যু হয়ে থাকে তবে তা ময়নাতদন্তে ধরা পড়বে না। মরদেহ থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো রাসায়নিক পর্যালোচনার জন্য ঢাকায় পাঠানো হবে। বিষাক্ত দ্রব্যে তাদের মৃত্যু হয়েছে কি না, তা ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
সোমবার দুপুরে শিশু দুটির বাবা লিয়াকত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। পরে বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই দিন রাতে আলম শরীফ বাদী হয়ে নড়িয়া থানায় অপমৃত্যু মামলা করেন। নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।