নড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার আসিফ মাহমুদের সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। হামলায় জড়িত থাকার অভিযোগে অপু মণ্ডল নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে নয় সদস্যের একটি দল ভোজেশ্বর বাজারে যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁদের বাধা দেয়। বাজারের দক্ষিণ প্রান্তের রাসেল ফার্মেসির মালিক রাসেল চৌকিদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে পুলিশ। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আদালতের সদস্যরা অন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকলে রাসেলের নেতৃত্বে ব্যবসায়ীরা তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আদালতের সদস্যরা পাশের একটি মিষ্টির দোকানে আশ্রয় নিলে উত্তেজিত ব্যবসায়ীরা জেলা প্রশাসনের একটি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে নড়িয়ার ইউএনও জহিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ বলেন, রাসেল চৌকিদারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৫০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।