নড়িয়ার আট গ্রামে জলাবদ্ধতা
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নড়িয়া পৌরসভার আটটি মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়ির আঙিনায় ও মহল্লার সড়কে পানি থাকায় দুর্ভোগে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। এই আট মহল্লার পানিনিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষের কোনো নালা নেই।
নড়িয়া পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, পানিনিষ্কাশনের জন্য নড়িয়া বাজারে ১ হাজার ৬০০ মিটার নালা নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। ময়লা-আবর্জনা পড়ে বেশির ভাগ নালা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আর আটটি মহল্লা থেকে পানিনিষ্কাশন করার জন্য কোনো নালা নির্মাণ করেনি পৌর কর্তৃপক্ষ। মহল্লাগুলো হলো বৈশাখী পাড়া, নবগ্রাম, বাড়ৈ পাড়া, সোনার বাজার, ঘোষ পাড়া, লোনসিং, নিকারি পাড়া ও কেদারপুর। গত মাসের মাঝামাঝি থেকে বৃষ্টি শুরু হলে নড়িয়া পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতা দেখা দেয়। গত ১৫ দিনে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ওই আটটি মহল্লার বিভিন্ন বাড়ির উঠানে ও মহল্লাগুলোর সড়কে পানি উঠেছে।
নবগ্রামের আশ্রাব আলী বলেন, ‘আমরা অনেকবার পৌর মেয়রের কাছে গিয়েছি। কিন্তু তিনি পানিনিষ্কাশনের জন্য কোনো উদ্যোগ নেননি। বাড়ির উঠানে, সড়কে নোংরা পানি, এর মধ্য দিয়েই আমাদের চলাফেরা করতে হচ্ছে।’
মেয়র হায়দার আলী বলেন, আর্থিক সংকটের কারণে নালা নির্মাণ করতে পারছি না। খালগুলো দখল হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শিগগিরই খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।