নতজানু পররাষ্ট্রনীতির কারণে টিপাইমুখ বাঁধ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিপাইমুখে বাঁধ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এ নিয়ে যখন প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের মানুষ, তখন ভারতে গোপনে বাঁধ নির্মাণের চুক্তি সইয়ের ঘটনায় সরকারের দুর্বলতা প্রমাণিত হলো। আমাদের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত এ চুক্তি করতে পেরেছে।’সিলেটে গতকাল রোববার বিকেলে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ আয়োজিত প্রতিবাদ সামবেশে বক্তারা এ কথা বলেন। অবিলম্বে বাঁধ নির্মাণের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জামায়াতে ইসলামী গতকাল পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে টিপাইমুখে বাঁধ নির্মাণ চুক্তি বাতিলের দাবি জানিয়েছে।প্রতিরোধ আন্দোলনের সমাবেশ: বিকেল চারটায় সিলেটের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য। এতে বক্তব্য দেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ মো. আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, জাসদের লোকমান আহমদ, বাসদের উজ্জ্বল রায়, যুব ইউনিয়নের রমেন্দ্র কুমার চন্দ, উদীচীর সৈয়দ মুনির হেলাল প্রমুখ।টিপাইমুখে বাঁধ নির্মাণ করা হলে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল মরুভূমিতে রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন, বাংলাদেশকে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের এই নীরব ভূমিকা মেনে নেওয়া যায় না। সরকারকে দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। প্রতিরোধ আন্দোলনের সমাবেশে সমমনা রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বাসদের মিছিল: চুক্তি বাতিল ও বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে নগরে বিক্ষোভ মিছিল করে বাসদ। এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় জেলা বাসদের আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ নেতা হুমায়ূন রশীদ, শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা প্রমুখ। জামায়াতের প্রতিবাদ সভা: টিপাইমুখে বাঁধ নির্মাণের চুক্তির প্রতিবাদে গতকাল সিলেটে প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী। নগরের কুদরতউল্লা মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে বলেছিলেন, ‘বাংলাদেশের ক্ষতি হবে—এমন কোনো চুক্তিতে তাঁর সরকার সই করবে না।’ কিন্তু শেষ পর্যন্ত ভারত চুক্তি সইয়ের মাধ্যমে প্রমাণ করল, তারা বাংলাদেশের বন্ধু নয়।সিলেট নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নগর জামায়াতের নায়েবে আমির সায়েফ আহমদ, জেলা দক্ষিণ জামায়াতের আমির হাবীবুর রহমান, জেলা উত্তর জামায়াতের আমির আনোয়ার হোসাইন খান প্রমুখ।