ঢাকায় সিএনজিচালিত মেয়াদোত্তীর্ণ অটোরিকশার স্থলে নতুন অটোরিকশা প্রতিস্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে মালিকদের একাধিক পক্ষ। এ নিয়ে গত শনিবার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, ঢাকায় চলাচলরত প্রায় ১২ হাজার অটোরিকশার মধ্যে সাড়ে পাঁচ হাজারের বয়সসীমা শেষ হয়ে গেছে। বিআরটিএর সিদ্ধান্ত অনুসারে, এই সাড়ে পাঁচ হাজারের মালিকেরা চাইলে এর পরিবর্তে নতুন অটোরিকশা নামাতে পারবেন। অথবা পুরোনো অটোরিকশার সম্পূর্ণ ইঞ্জিন পরিবর্তন, নতুন হুড সংযোজনের পর রং করে এবং সিএনজি সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষাসহ ছয় ধরনের শর্ত পূরণের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সনদ নিলে সেগুলোর মেয়াদ চার বছর বৃদ্ধি করা হবে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়ার পর গতকাল পর্যন্ত ৯০টি অটোরিকশা এসব শর্ত পূরণ করে সনদ নিয়েছে।
এই ঝামেলার কথা চিন্তা করে সাধারণ মালিকদের অনেকে পুরোনো অটোরিকশার স্থলে নতুন অটোরিকশার অনুমোদন নিতে বিআরটিএতে আবেদন করেছেন। কিন্তু মালিক সমিতির নেতারা এতে বাগড়া দিচ্ছেন। তাঁরা চান নতুন প্রতিস্থাপনের পরিবর্তে পুরোনা অটোরিকশাগুলোর মেয়াদ বৃদ্ধি করা হোক। এ নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
চালক-মালিকদের অনেকের সঙ্গে আলাপ করে জানা গেছে, মালিক সমিতির নেতারা পুরোনো অটোরিকশা দিয়ে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যেই প্রতিস্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অটোরিকশার নিবন্ধন দেওয়ার সময় বয়সসীমা নয় বছর নির্ধারণ করা হয়েছিল। পরে মালিকেরা আন্দোলন করে দুই বছর বৃদ্ধি করেন। ফলে শুরুর বিনিয়োগ দিয়েই বাড়তি আয়ের সুযোগ পেয়ে আসছেন তাঁরা। তারপর বয়সসীমা ১৫ বছরে উন্নীত করার দাবিতে চলতি বছরের শুরুতে ধর্মঘট ডাকে। সরকার গত মে মাসে ইঞ্জিন পরিবর্তনসহ ছয় শর্তে সময়সীমা বৃদ্ধির এ দাবি মেনে নেয়।
এর মধ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গত শনিবার পুরোনো ৮০টি অটোরিকশা প্রতিস্থাপনের লক্ষ্যে বিআরটিএর কর্মকর্তারা পরিদর্শনে গেলে অটোরিকশা মালিক সমিতির নেতা মহিউদ্দিনের নেতৃত্বে এক দল লোক ওই সব অটোরিকশার মালিকদের ওপর হামলা করেন। এতে মনির আহম্মেদসহ কয়েকজন মালিক আহত হন। এ ঘটনায় মনির আহম্মেদ মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের উপস্থিতিতে পরিদর্শন কার্যক্রম শেষ করা হয়।
মনির আহম্মেদ প্রথম আলোকে বলেন, বয়স বৃদ্ধি করা অনেক ঝামেলার কাজ। এ জন্যই নতুন অটোরিকশা নামাতে চেয়েছিলেন। কিন্তু মালিক সমিতির লোকজন তাদের ওপর হামলা করেন।
মহিউদ্দিন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ। সমিতির সভাপতি বরকত উল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, প্রকৃত মালিকেরা প্রতিস্থাপন করছেন না। অটোরিকশার আমদানিকারকদের পক্ষে কিছু লোক প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। প্রতিস্থাপনকে বেআইনি উল্লেখ করে এর বিপক্ষে অবস্থান চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
বিআরটিএর সচিব শওকত আলী প্রথম আলোকে বলেন, সময় বৃদ্ধি কিংবা প্রতিস্থাপন দুটিরই সুযোগ আছে। এই বিষয়ে মারামারির কোনো সুযোগ নেই।
অবশ্য এমনিতেই রাজধানীতে অটোরিকশা চালক-মালিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রীরা। চালকদের স্বেচ্ছাচারিতার মুখে যাত্রীদের কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে। কিন্তু এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।