নতুন অটোরিকশার ভাগ পেতে ঢাকাবাসীকে জিম্মি করে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় গতকাল ছিল সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট৷ তাই বাসাবোর রেলওয়ে মার্কেট এলাকার একটি গ্যারেজে অলস পড়েছিল অটোরিকশা l প্রথম আলো
ঢাকায় গতকাল ছিল সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট৷ তাই বাসাবোর রেলওয়ে মার্কেট এলাকার একটি গ্যারেজে অলস পড়েছিল অটোরিকশা l প্রথম আলো

নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশার বরাদ্দের ভাগ পেতে ঢাকাবাসীকে জিম্মি করে ধর্মঘট পালন করেছে অটোরিকশাচালকদের একটি সংগঠন।
ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন নামের একটি সংগঠন গতকাল রোববার ভোর থেকে ২৪ ঘণ্টার এই ধর্মঘট করে। অবশ্য ধর্মঘট উপেক্ষা করে অনেক চালকই সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন।
ড্রাইভার্স ইউনিয়নের জন্ম ২০০৯ সালে। অবশ্য তাদের তেমন কোনো কার্যক্রম নেই। সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী।
সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দায়িত্বে থাকা সূত্র বলছে, ধর্মঘটের পেছনে মূল শক্তি শ্রমিক ফেডারেশন। সঙ্গে আছে অটোরিকশা খাতের সমবায় চালক ফেডারেশন। এই সংগঠনগুলোর কর্মসূচিতে ওসমান আলী উপস্থিত থাকেন।
ধর্মঘটের পক্ষে যেসব দাবির কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে—চালকদের জেল-জরিমানা বন্ধ ও বন্দী চালকদের মুক্তি, সরকার-নির্ধারিত ৯০০ টাকা জমার ক্ষেত্রে চালকদের স্বার্থ বিবেচনা, পার্কিংয়ের ব্যবস্থা না করে নো-পার্কিং মামলা না করা এবং নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ।
মন্ত্রণালয় ও ধর্মঘট করা সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় চালকদের নামে নতুন পাঁচ হাজার অটোরিকশা নামানোর প্রক্রিয়া চলছে। এই কার্যক্রম শুরু হয়েছিল ২০০৭ সালে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। বৈধ লাইসেন্সধারী এসব চালকের তেমন কোনো সংগঠন নেই। এই সুযোগে অটোরিকশার বরাদ্দ প্রক্রিয়া নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শ্রমিক ফেডারেশন। এ ক্ষেত্রে তারা চালকদের বুঝিয়েছে, ধর্মঘট সফল হলে অটোরিকশায় বাড়তি ভাড়া আদায় করলেও ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন না।
গত বছর মেয়াদোত্তীর্ণ মিশুকের পরিবর্তে ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ শুরু করে বিআরটিএ। এই প্রক্রিয়ায়ও ফেডারেশন যুক্ত হয় এবং তাদের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে একটি চক্রকে অটোরিকশা বরাদ্দ দেওয়া এবং সেগুলো আইনবহির্ভূতভাবে হাতবদলের অভিযোগ ওঠে। বিআরটিএর তদন্তেও এর সত্যতা মেলে। ফলে মিশুকের পরিবর্তে অটোরিকশা বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ফেডারেশন নিয়ন্ত্রিত কয়েকটি সংগঠন তাদের মাধ্যমে অটোরিকশার বরাদ্দ দাবি করে তখনো ধর্মঘট করে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘চালকদের দাবি না মানলে তো ধর্মঘট না করে উপায় নেই। সরকার আলোচনা না করলে ধর্মঘট আবারও হবে।’ ধর্মঘটের মূল উদ্দেশ্য চালক স্বার্থ নয়, মধ্যস্বত্বভোগী হিসেবে ভাগ পাওয়া—এমন অভিযোগ সম্পর্কে ওসমান আলী বলেন, ‘কোন সেক্টরে মধ্যস্বত্বভোগী নাই? অস্ত্র ব্যবসাও নিয়ন্ত্রণ হয় বৈধ ব্রোকারেজ হাউজের মাধ্যমে।’ মালিক-চালকদের চাহিদা মেনে গত নভেম্বর থেকে অটোরিকশার ভাড়া ও দৈনিক জমা বৃদ্ধি করে সরকার। সরকার-নির্ধারিত ভাড়া ও জমা মানাতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এসব আদালত বাড়তি ভাড়া আদায়ের দায়ে একাধিক চালককে কারাদণ্ড দেন। শুরু থেকেই শ্রমিক সংগঠনগুলো ভ্রাম্যমাণ আদালতে কঠোর শাস্তির বিরোধিতা করে আসছে। এবারের ধর্মঘটও এই চাপেরই অংশ বলে চালক-নেতারা জানান।
জানতে চাইলে সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বহু সংগঠনের নানা দাবি রয়েছে। কিন্তু তাঁরা নিয়ম মেনে অটোরিকশা বরাদ্দ দেবেন এবং বাড়তি ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবেন। কে ধর্মঘট করল সেটা তাঁরা দেখবেন না।