নতুন অটোরিকশা নামানোর দাবি ধর্মঘটের হুমকি
দাবি না মানলে ২২ আগস্ট থেকে ঢাকায় লাগাতার অটোরিকশা ধর্মঘটের ঘোষণা দিয়েছে চারটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট। ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ নামের এই জোটের মূল দাবি হচ্ছে নতুন করে বৈধ চালকদের মধ্যে পাঁচ হাজার অটোরিকশা বিতরণ।
উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, সরকার নির্ধারিত জমার অতিরিক্ত আদায়কারী মালিকের অটোরিকশা বাতিল করা, অবৈধভাবে চলাচলকারী ব্যক্তিগত অটোরিকশার চলাচল বন্ধ, অটোরিকশা দাঁড়ানোর জন্য স্ট্যান্ড নির্ধারণ, পুলিশের হয়রানি বন্ধ, সিএনজিচালিত অটোরিকশার চুরি বন্ধ।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমন্বয় পরিষদের করা এক শ্রমিক সমাবেশ থেকে এসব দাবি পেশ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তা মানা না হলে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন।
বক্তারা বলেন, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া-নৈরাজ্য বন্ধে সরকার ২০০৭ সালে বৈধ লাইসেন্সধারী চালকদের মধ্যে নতুন পাঁচ হাজার অটোরিকশা বরাদ্দের সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকার নির্বাচিত চালকদের মধ্যে অটোরিকশা বরাদ্দ দিচ্ছে না।
শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর স্মারকলিপি দেয় সমন্বয় পরিষদ। বিজ্ঞপ্তি।