নতুন অটোরিকশা নামিয়ে শৃঙ্খলা আনার আশ্বাস শ্রমিকদের জোটের
ঢাকায় সিএনজিচালিত নতুন অটোরিকশা নামানোর দাবি এবং এই খাতে শৃঙ্খলা আনার আশ্বাস দিয়ে চারটি শ্রমিক সংগঠনের একটি জোট হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ’। গতকাল মঙ্গলবার ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সংগঠনের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
যে চারটি সংগঠন নিয়ে এই পরিষদ গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ, ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে আহ্বায়ক ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকনকে সদস্যসচিব করে পরিষদের ৬৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, রাজধানীতে বর্তমানে প্রায় ১৩ হাজার অটোরিকশা চলাচল করে। কিন্তু ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। চালকদের বিরুদ্ধে শুরু থেকেই সরকার নির্ধারিত হারের অনেক বেশি ভাড়ায় চুক্তিতে চলতে যাত্রীদের বাধ্য করার অভিযোগ আছে। ২০০৮ সালে সরকার নতুন পাঁচ হাজার অটোরিকশা নামানোর উদ্যোগ নেয় এবং তা ঢাকার বৈধ লাইসেন্সধারী চালকদের মধ্যে বিতরণের উদ্যোগ নেয়। বিআরটিএ কর্মকর্তারা বলছেন, মালিক বেশি জমা নেন—এই অজুহাতে চালকেরা যাত্রীদের পকেট কাটছেন। চালকেরা এই অজুহাত যাতে আর না দিতে পারেন, সে জন্যই নতুন অটোরিকশার চালকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মামলা-মোকদ্দমায় তা আটকে ছিল। সম্প্রতি মামলার নিষ্পত্তি হয়েছে।
এ বিষয়ে পরিষদের আহ্বায়ক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকায় চাহিদার তুলনায় অটোরিকশা কম। এ সুযোগে পুলিশকে চাঁদা দিয়ে প্রাইভেট ও ঢাকার বাইরের অটোরিকশা চলছে রাজধানীতে। এতেও সমস্যার সমাধান হচ্ছে না। এ অবস্থায় নতুন অটোরিকশা নামলে মালিকেরা বাড়তি জমা নিতে পারবেন না। আর চালকেরাও সরকার নির্ধারিত হারে ভাড়া নেবেন।
নৈরাজ্য বন্ধের আশ্বাস অতীতে কাজে দেয়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাকির হোসেন বলেন, নতুন অটোরিকশা নামলে চালকেরা নির্ধারিত ভাড়ায় যাত্রীদের ডেকে ডেকে তুলবেন। আসলে অটোরিকশা কম বলেই মালিক-চালকদের মধ্যে স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে। এটা ভাঙার জন্যই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।