
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেওয়া হাতির বাচ্চার নাম রাখা হয়েছে ‘বনমাধুরী’। গতকাল শুক্রবার সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ ও পার্ক কর্তৃপক্ষ বৈঠক করে ওই নাম নির্ধারণ করে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ পার্কের মুক্তিরানী নামের মা হাতিটি গত ২৭ আগস্ট একটি সুস্থ মেয়ে বাচ্চার জন্ম দেয়। বাংলাদেশে বদ্ধ পরিবেশে হাতির বাচ্চা প্রসবের ঘটনা এটাই প্রথম। মা হাতিটি জন্মের পর বাচ্চাকে নিয়ে বেশির ভাগ সময় বনের ভেতরে থাকত। এ কদিনেই বাচ্চাটি অন্য হাতির সঙ্গে মিশতে শুরু করেছে। এটি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। এখানে কোনো প্রাণীর জন্ম হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে নামকরণ করা হয়। তারই ধারাবাহিকতায় হাতিশাবকের নাম রাখা হয়েছে। গতকাল পার্ক পরিদর্শন শেষে ইসতিয়াক আহমেদ, উপপ্রধান বন সংরক্ষক শাসছুল আজম এবং পার্ক কর্তৃপক্ষ ওই নাম রাখে।
হাতির বাচ্চার খবর পেয়ে দর্শনার্থীরা এটি দেখতে ভিড় করছে। তবে কয়েকজন দর্শনার্থী পার্কের সঠিক তদারকি ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দর্শনার্থী মো. আতিকুল ইসলাম বলেন, পার্কের ব্যবস্থাপনায় অনেক ঘাটতি রয়েছে। পার্কে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থানে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয়। প্রায় একই কথা বলেন গাজীপুরের সালনা এলাকার হাজি ইউছুব আহমেদ ও নাছিমা খাতুন।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, হাতিশাবকের জন্মের পর থেকেই মা হাতিটি কিছুটা আগ্রাসী আচরণ করছে। তাই এর বাসস্থানের আশপাশে বেড়া দিয়ে রাখা হয়েছে। দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব থেকে হাতি দেখার সুযোগ পাচ্ছে।
পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরী বলেন, হাতির বাচ্চাটি এখন মায়ের দুধ খাচ্ছে। জন্ম নেওয়ার চার বছর পর থেকে কলাগাছ, মিষ্টিকুমড়া ও অন্যান্য স্বভাবজাত খাবার খাওয়া শুরু করে।
সহকারী বন সংরক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, পার্কে কোনো প্রাণীর জন্ম হলে তার একটি নাম রাখা হয়। এবারও তাই করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই হাতির বাচ্চার নাম রাখা হয় বনমাধুরী।