বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৫০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাফল্যের ধারাবাহিকতায় নতুন আগামী গড়ার প্রত্যয় ব্যক্ত হলো। ব্র্যাকের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে প্রতিষ্ঠানটির উপকারভোগীরা বললেন, অর্ধশতক ধরে প্রান্তিক জনগোষ্ঠীর পাশেই আছে প্রতিষ্ঠানটি, ভবিষ্যতেও থাকবে। নতুন দিনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আশাবাদও শোনা গেল।
ব্র্যাকের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এর সাবেক কর্মীরাও। সন্ধ্যায় দ্বিতীয় পর্বে রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। ব্র্যাকের বিভাগীয় অফিসগুলোতে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়।
১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে ব্র্যাকের জন্ম। শুরুটা হয়েছিল সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদ শাল্লায়। এরপর ক্রমেই কলেবর বেড়েছে। এখন বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে কাজ করছে ব্র্যাক।
গতকাল সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর প্রাচ্যনাটের পরিবেশনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবাণী পাঠ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর আলোচনা, ভিডিও প্রদর্শন, গান ও নাচের মাধ্যমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানটি। ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয় কথায়, ছবি, ভিডিওচিত্রে। আলোচনা পর্ব ছিল অনেকটা আড্ডার ধারায়। সেখানে ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেন, নতুন দিনে নতুন অ্যাজেন্ডা আসবে, তা নিয়ে এগোতে হবে। নতুন অ্যাজেন্ডা বুঝতে সেই মানুষের কাছে আর মাটির কাছে যেতে হবে। ফজলে হাসান আবেদ সেই কথাই বলতেন।
হোসেন জিল্লুর বলেন, জলবায়ু পরিবর্তন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য আগামী দিনের বাংলাদেশের চ্যালেঞ্জ। এসব বিষয়ে মানুষের কথা শুনতে হবে। কারণ, মানুষের সাহচর্যই ব্র্যাককে আজ মহিরুহে পরিণত করেছে।
ব্র্যাকের গ্লোবাল বোর্ডের চেয়ার মার্থা চেন বলেন, প্রাকৃতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতায় ব্র্যাককে দরকার। ব্র্যাক এসব সমস্যা সমাধানের অংশীদার হবে।
বাংলাদেশে অর্জিত জ্ঞান বিশ্বের নানা দেশে ভবিষ্যতে সফলভাবে প্রয়োগের আশা ব্যক্ত করেন ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ার আইরিন খান। আলোচনার এ পর্ব পরিচালনা করেন ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সংস্থাটির ৫০ বছরের নানা কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত করেন। ১৯৭১–এ মুক্তিযুদ্ধের পর দেশে ফেরা উদ্বাস্তুদের সহায়তা, নারীর ক্ষমতায়ন, খাওয়ার স্যালাইনের প্রসার ও শিক্ষার বিস্তারের কথা যেমন বলেছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সহযোগিতা, করোনাকালে আর্থিক ও স্বাস্থ্যসুবিধা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি। আলোচনায় এসেছে ব্র্যাক ব্যাংক, বিশ্ববিদ্যালয়, আড়ং, ডেইরিসহ নানা সামাজিক উদ্যোগের কথাও।
ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, ৫০ বছরের সার্থকতায় নতুন অধ্যায় গড়ার চেষ্টায় আছে ব্র্যাক। সমতার সমাজ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও অবিচল থাকবে।
অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগিতায় দিনবদলের গল্প শোনান প্রত্যন্ত গ্রাম থেকে আসা আবদুল্লাহ আল মামুন, ট্রান্সজেন্ডার সিনথিয়া ভুঁইয়া, চা–শ্রমিকের সন্তান হরিবোলসহ অনেকে। এভাবে আলোচনা এবং মানুষের সৃজন ও কর্মের কথা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ হয় ‘ও আলোর পথযাত্রী’ গানের মাধ্যমে।