বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন একটি অনুষদসহ চারটি নতুন বিষয় খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১০টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এর ফলে আগামী শিক্ষাবর্ষে এক হাজারের অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘোষিত নতুন অনুষদ হলো জীববিজ্ঞান ও কৃষি। আর নতুন চারটি বিষয় হলো-বাংলা, লোকপ্রশাসন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছর চার অনুষদের ছয় বিষয়ে চার শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। এ বছর আরও একটি অনুষদ ও চারটি বিষয় যোগ হওয়ায় এবার প্রায় এগার শ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। উপাচার্য হারুনর রশীদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমরা পাঁচটি বিষয় খোলার অনুমতি চেয়েছিলাম। কর্তৃপক্ষ একটি অনুষদসহ চারটি বিষয় খোলার অনুমতি দিয়েছে। আশা করি আরও একটি বিষয় খোলার অনুমতি পাব।’তিনি বলেন, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের কথা বিবেচনায় নিয়ে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগ খোলার অনুমতি দেওয়ায় শুধু বরিশাল নয়, গোটা বাংলাদেশ উপকৃত হবে।