জাতীয় সংসদে গতকাল রোববার চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পাস হয়েছে। বর্তমান সরকারের পাঁচটি বাজেটের মধ্যে এবারই প্রথম প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়।
তবে গতকাল বাজেট পাসের সময় প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ছিল না। পাসের ঠিক আগেই বিরোধী দল ‘ওয়াকআউট’ করে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শুরুতেই জানিয়েছিলেন, সাতটি মঞ্জুরি দাবিতে বিরোধী দল আলোচনা করবে। কিন্তু সময় বেশি নেওয়ায় স্পিকার বিরোধী দলের পাঁচটি দাবি আলোচনা শেষে ৫২ নম্বর মঞ্জুরি দাবি উঠলে আলোচনার আর সুযোগ দিতে চাননি। তিনি রুলিং দেন। এতে বিরোধী দল ওয়াকআউট করে। ফলে নির্দিষ্টকরণ বিল পাসের সময় বিরোধী দল সংসদে ছিল না। এর আগে স্পিকারের সভাপতিত্বে গতকাল রোববার অনুষ্ঠিত অধিবেশনে চলতি অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল অধিবেশনে অনুপস্থিত থাকেন।
এ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে এডিপিতে আট হাজার ১১৪ কোটি টাকার কর্মসূচি রয়েছে। সব মিলে ২০১৩-১৪ অর্থবছরের উন্নয়ন ব্যয় বাবদ মোট খরচ দেখানো হচ্ছে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা।
নতুন বছরে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে এক লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা।
নির্দিষ্টকরণ বিল পাস: আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট তিন লাখ ৪৪ হাজার ৫৫৯ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে গতকাল পাস করা হয়েছে। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ দুই লাখ চার হাজার ৩১০ কোটি ৫২ লাখ ১৮ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় এক লাখ ৪০ হাজার ২৩৯ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।
সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।
মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব: আগামী বছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল বিএনপির ১৮ জন সাংসদের এক হাজার ২৩টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আসে। কিন্তু কণ্ঠভোটে তা বাতিল হয়।
শুরুতেই সাতটি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করার জন্য স্পিকার বিএনপিকে সুযোগ দেওয়ার ঘোষণা দেন। এগুলো ছিল জনপ্রশাসন, অর্থ বিভাগ, আইন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও সেতু বিভাগের নামে মঞ্জুরি দাবির বিপরীতে। কিন্তু জনপ্রশাসন, অর্থ বিভাগ, আইন, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মঞ্জুরি প্রস্তাবের ওপর ছাঁটাই দাবি নিয়ে আলোচনার সুযোগ পান তাঁরা।
তবে বিরোধী দলের সাংসদদের আলোচনা সত্ত্বেও ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে বাতিল করা হয়। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমেরও ছাঁটাই প্রস্তাব ছিল। তিনি অনুপস্থিত থাকায় তা আলোচনাও হয়নি।
এক হাজার ২৩টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ব্যয় হ্রাস করে সিংহভাগ ক্ষেত্রে মাত্র এক টাকা বরাদ্দ দেওয়া, প্রতীকী ছাঁটাই প্রস্তাবে ১০০ টাকা হ্রাস করা, মিতব্যয় ছাঁটাই প্রস্তাবে এক হাজার টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়।
পাল্টাপাল্টি জবাব: মন্ত্রণালয় ও বিভাগগুলোর মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব দিয়ে বিরোধী দলের সাংসদেরা সরকারের পাঁচটি মন্ত্রণালয় পরিচালনার জন্য রাষ্ট্রপতিকে কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার প্রস্তাব করেন। এগুলো হলো জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, অর্থ ও আইন।
বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী বলেন, জনপ্রশাসন ঠিকমতো কাজ করছে না। এখানে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। তাই অর্থ বরাদ্দের প্রয়োজন নেই। নিলোফার ইয়াসমিন বলেন, জনপ্রশাসনে যাঁরা অযোগ্য, তাঁরাই এখন কাজ করছেন। আর যোগ্যরা বসে আছেন।
এর জবাবে সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, এক টাকা বা ১০০ টাকা প্রতীকী বরাদ্দ দিয়ে কীভাবে জনপ্রশাসনকে কার্যকর করা যাবে, নির্দলীয় করা যাবে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য রাষ্ট্রপতির বরাদ্দের বিরোধিতা করে বিরোধীদলীয় সাংসদেরা বলেন, দেশে আইনশৃঙ্খলাব্যবস্থা ভেঙে পড়েছে। বিচারবহির্ভূত হত্যা ও গুম চলছে। এ মন্ত্রণালয় যেভাবে কাজ করছে, তাতে এখানে বরাদ্দের কোনো প্রয়োজন নেই।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি মনে করেন আপনাদের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন নেই, তাহলে বাজেটেরও প্রয়োজন নেই।’ তিনি বলেন, এ মন্ত্রণালয় জনগণের স্বার্থে নানামুখী কাজ করছে। তাই বরাদ্দ থাকা উচিত।
অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রসঙ্গে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, অর্থমন্ত্রীর কাছে তিন-চার হাজার কোটি টাকা নাকি কোনো টাকাই নয়। তাই তাঁর মন্ত্রণালয়ে টাকা দেওয়ার কোনো মানে নেই। মোজাহার হোসেন প্রধান বলেন, অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ টাকা হল-মার্ক ও শেয়ারবাজারের মতো লুটপাট হয়ে যাবে।
জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, লুটপাটের আশঙ্কা অবান্তর। তিনি বলেন, হল-মার্কের ঘটনাটা চুরি, কিন্তু পদ্মা সেতু নিয়ে যা হয়েছে, তা চুরি নয়।
একইভাবে বিরোধীদলীয় সাংসদেরা দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেন। সবার জন্য একই আইন নয় বলেও তাঁরা মন্তব্য করেন।
বাজেটের অঙ্ক: আজ শুরু হওয়া ২০১৩-১৪ অর্থবছরের জন্য পাস হওয়া বাজেট ব্যয় দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা। অর্থাৎ, মোট দেশজ উৎপাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে দাঁড়াবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকায়, শতকরা হিসাবে যা ৪ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ২৩ হাজার ৭২৯ কোটি টাকার ঋণ পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে।