হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ করার বিষয়ে নতুন আইন পাস করা না হলে রাজপথে আন্দোলন করা হবে বলে হুমকি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অর্পিত সম্পত্তি আইন জারির মাধ্যমে অচিরেই হিন্দু সম্প্রদায়ের দখল হওয়া সম্পত্তি উদ্ধারের ব্যবস্থা করা হবে। গতকাল শুক্রবার চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে তাঁরা এ কথা বলেন।চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে সকালে অনুষ্ঠানমালার উদ্বোধন করার সময় সুরঞ্জিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদিকে সন্ধ্যায় একই অনুষ্ঠানমালায় যোগ দেন সৈয়দ আশরাফ। সুরঞ্জিত বলেন, সংখ্যালঘু সম্প্রদায় আশা করেছিল বিদ্যমান অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন থেকে তারা মুক্তি পাবে। নতুন আইন পাস হবে। কিন্তু নতুন আইন পাস না করে পুরোনো আইন সংশোধন হচ্ছে।‘শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বাঁশখালী ঋষিধামের মোহন্ত স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারের ৩৩ মাস চলে গেল। কত আইন পাস হলো, সংবিধান সংশোধন হলো, কিন্তু এ দেশের হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবি ওই কালো আইন বাতিল হয়নি। তিনি বলেন, কিছু আমলা আর দুর্নীতিবাজ এর পেছনে কলকাঠি নাড়ছেন। তাঁদের লক্ষ্য এসব সম্পত্তি দখল করা। তাঁরা প্রধানমন্ত্রীকে যা খুশি বোঝাচ্ছেন। সুরঞ্জিত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় আজীবন কারও ভোটব্যাংক হয়ে থাকবে—এটা চিন্তা করলে ভুল হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, নতুন আইন পাস না হলে তিনি নিজে রাজপথে আন্দোলনে শামিল হবেন। সন্ধ্যায় সৈয়দ আশরাফ বলেন, অর্পিত সম্পত্তি আইন জারির মাধ্যমে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের ব্যবস্থা করা হবে। যার যত শক্তিই থাকুক না কেন, এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ।জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন, অওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।