বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এ বিশেষ বিধান রেখে বাল্যবিবাহকে উদ্বুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানীতে আয়োজিত এক সমাবেশের বক্তারা। গতকাল শুক্রবার সকালে এই নারী সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আইনে যে বিশেষ প্রেক্ষাপটের কথা বলা হয়েছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। একে যে কেউ যেকোনো প্রেক্ষাপট বানিয়ে ব্যবহার করবে। এর নাম হতে পারত বাল্যবিবাহ উদ্বুদ্ধ বা জায়েজ আইন।’
এ বছরের ফেব্রুয়ারিতে পাস হওয়া আইনের ১৯ ধারায় বলা হয়েছে, ‘কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশক্রমে এবং মাতা-পিতার সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ে সম্পাদিত হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না।’
সমাবেশে আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন বলেন, আইনটির মধ্যে সামঞ্জস্য নেই। এর বিশেষ ধারা নিয়ে হাইকোর্ট সম্প্রতি প্রশ্ন তুলেছেন। এ আয়োজনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘আইনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গোটা জাতি ও দেশকে স্থায়ী একটা অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, আইনের দ্বারা হেফাজতের চিন্তার কাছে নতি স্বীকার করা হয়েছে।
সরকার নিরোধের নামে বাল্যবিবাহ আইন পাস করেছে বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আক্তার হোসেইন। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এ আইন দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, ধর্ষণের ফলে কোনো মেয়ে অন্তঃসত্ত্বা হলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে না।
প্রগতিশীল চিকিৎসক ফোরামের সদস্য মনীষা চক্রবর্তী বাল্যবিবাহের কারণে স্বাস্থ্যগত সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে নারীদের সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শম্পা বসু, সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবীব।