নতুন আইনের খসড়ায় দুই পক্ষই অখুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর প্রতি অবহেলা বা চিকিৎসায় ভুল হলে চিকিৎসক বা সেবাদানকারীদের কাউকেই প্রথমে গ্রেপ্তার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এ আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো ব্যক্তি স্বাস্থ্যসেবাদানকারীর প্রতি সহিংস আচরণ করলে, প্রতিষ্ঠানে ভাঙচুর চালালে তা জামিন অযোগ্য অপরাধ হবে বলে গণ্য হবে।

এসব বিধান রেখে ‘রোগী এবং স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন, ২০১৬’ নামে নতুন আইন করতে যাচ্ছে সরকার। চিকিৎসক বা রোগীদের সুরক্ষা নিয়ে কাজ করেন, এমন কেউই এ আইনের খসড়ার বিষয়ে খুশি নন। স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার বলেন, আইনে রোগীদের স্বার্থ কোথায়, কীভাবে দেখা হয়েছে তা পরিষ্কার নয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, আবার নতুন করে ফৌজদারি আইনে চিকিৎসকদের গ্রেপ্তার করার ব্যবস্থাটা পাকাপোক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মনে করেন, প্রস্তাবিত আইনটি পাস হলে রোগী এবং স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান দুই-ই সুরক্ষা পাবে। তিনি প্রথম আলোকে বলেন, আইনটি দ্রুত পাস করানোর চেষ্টা চলছে। এটি হলে রোগীরা তাঁদের অভিযোগ দায়েরের সুযোগ পাবেন। আর চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ঘটনাও কমে আসবে।

সাম্প্রতিক বছরগুলোয় রোগী ও চিকিৎসকদের মধ্যে আস্থার সংকট বাড়ছে। গত জানুয়ারি মাসে চট্টগ্রামে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের ভাইয়ের মেয়ে স্থানীয় একটি ক্লিনিকে মারা যান। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ধর্মঘট পালন করে। এতে আস্থার সংকটের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

আইনের খসড়ায় বলা হয়েছে, চিকিৎসায় অবহেলা বা ভুলের অভিযোগ তুলে চিকিৎসক ও অন্যদের ওপর হামলা এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এতে করে চিকিৎসাকর্মীরা স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারছেন না। পাশাপাশি রোগী যেন কোনো ধরনের হয়রানি, অবহেলা বা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্যও আইনটির দরকার।

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। এর বাইরে সংক্ষুব্ধ ব্যক্তি থানা বা আদালতে মামলা করতে পারেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও মামলা হতে পারে। কিন্তু এসবের কোনোটিই খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। লোকজন জানেই না অভিযোগ কোথায় করতে হবে। বিএমডিসির কর্মকর্তারা বলছেন, মাসে গড়ে পাঁচটি অভিযোগ জমা পড়ে তাঁদের প্রতিষ্ঠানে। তবে স্বাধীনতার পর থেকে মাত্র একটি ঘটনার সুরাহা করা সম্ভব হয়েছে। বিএমডিসির নিবন্ধক জাহেদুল হক বসুনিয়া বলেন, যথাযথ নিয়মকানুন মেনে অভিযোগ না করায় বিএমডিসির পক্ষে কাজ করা সম্ভব হয় না।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্য বা সেবা কিনে বঞ্চনার শিকার হলে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। সংক্ষুব্ধ ব্যক্তি জরিমানার ২৫ শতাংশ পর্যন্ত পান। কিন্তু এ বিষয়ে খুব বেশি প্রচার নেই। দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হন। কিন্তু তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ।

লঘু পাপে গুরু দণ্ড না গুরু পাপে লঘু: প্রস্তাবিত আইনের ১০ নম্বর ধারায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কোনোরকম অবহেলার অভিযোগ কোনো শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী উত্থাপন করলে প্রাথমিকভাবে নিশ্চিত না হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে না। ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আদালত অবহেলার অভিযোগ গঠনের আগে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক (সহযোগী অধ্যাপক/সিনিয়র কনসালট্যান্টের নিচে নন) সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির কাছে অবহেলার বিষয়ে মতামতের জন্য পাঠাবেন। ৭ নম্বর ধারায় বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনে বা চিকিৎসা দেওয়ায় অবহেলা বা অপরাধসম অবহেলা অপরাধ বলে গণ্য হবে। কিন্তু এ অপরাধ ‘আমল অযোগ্য’ ও ‘জামিনযোগ্য’ হবে। কোনো ব্যক্তি স্বাস্থ্যসেবাদানকারীর প্রতি সহিংস আচরণ করলে, প্রতিষ্ঠানে ভাঙচুর চালালে তা আমলযোগ্য ও জামিন অযোগ্য হবে বলে প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়েছে। আমল অযোগ্য ও জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে পরোয়ানা ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিলে পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। প্রস্তাবিত আইনে চিকিৎসা সেবাদানকারী বলতে চিকিৎসাসেবায় নিয়োজিত নিবন্ধিত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, মিডওয়াইফ, চিকিৎসা সহকারী অথবা স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত অন্য ব্যক্তিদের বোঝানো হয়েছে।

আইনে সুনির্দিষ্টভাবে সাতটি বিষয়কে পেশাগত নৈতিকতার আওতায় আনা হয়েছে। এগুলোর ব্যতিক্রম ঘটলে তা অপরাধ বলে বিবেচিত হবে। এই তালিকায় বিএমডিসি স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার, কোনো বিশেষায়িত বিষয়ে যথাযথ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত না হয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ায় যুক্ত হওয়া অপরাধ। এ ছাড়া স্বাস্থ্যসেবা সম্পর্কে কোনো মিথ্যা প্রত্যয়নপত্র বা বিল দিলে বা রোগীর কাছ থেকে পারিতোষিক বা পরীক্ষা-নিরীক্ষার ব্যয় অংশীদারত্বের ভিত্তিতে নিলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে।

তবে স্বাস্থ্যসেবা দেওয়ার সময় অবহেলায় রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্ট সেবাদানকারী ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪-এর ক ধারা প্রয়োগ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এ ধারায় অনধিক তিন বছর কারাদণ্ডের বিধান আছে। রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হলে অনধিক তিন বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান থাকছে। তবে রোগী ও তাঁর স্বজনেরা আইন অমান্য করলে অনধিক তিন বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

চিকিৎসকেরা বলছেন, এমবিবিএস পাস করলেই কেউ চিকিৎসক হতে পারেন না। কিছু সুনির্দিষ্ট শর্ত মানার পরই বিএমডিসি জনস্বার্থে চিকিৎসকদের সেবা করার লাইসেন্স দেয়। রাষ্ট্র কোনো দুর্বৃত্তকে চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি দেয় না। লাঞ্ছিত হতে পারেন—এমন শঙ্কায় অনেক সময় তাঁরা যে চিকিৎসা দেওয়ার দরকার, তা দিতেও এখন কুণ্ঠা বোধ করছেন।

বিএসএমএমইউ-এর সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, সভ্য সমাজে অবহেলার অভিযোগ নিষ্পত্তি হয় দেওয়ানি আইনে, ফৌজদারি আইনে নয়। যুক্তরাজ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দিতে হয়। ভারতে ভোক্তা অধিকার আদালতে বিচার হচ্ছে। আর এখানে আবারও ফৌজদারি আইনে বিচারের ব্যবস্থা করে চিকিৎসকদের গ্রেপ্তারের ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। তাঁর মতে, শুধু আইন করলে হবে না, চিকিৎসাশিক্ষার মানোন্নয়ন করা না গেলে সুচিকিৎসা নিশ্চিত করা কঠিন হবে। এ ছাড়া আইনে বিএমডিসির কোনো ভূমিকার কথাও বলা নেই। এটিও এ আইনের একটি দুর্বলতা।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে নিয়ম কী

যুক্তরাজ্য: যুক্তরাজ্যে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, দায়বদ্ধতা ও তাঁদের পর্যবেক্ষণের কাজটি করে স্বায়ত্তশাসিত সংস্থা জেনারেল মেডিকেল কাউন্সিল (জেএমসি)। এটি চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তারা রোগীদের স্বার্থের বিষয়টিও দেখাশোনা করে। যুক্তরাজ্যে চিকিৎসা-বিষয়ক নীতিমালার বিষয়ে জানতে চাইলে জেএমসির কর্মকর্তা নাটালি ক্যানাস ই-মেইলে প্রথম আলোকে জানান, দক্ষতা, যোগ্যতা ও রোগীদের কল্যাণ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান যাচাইপূর্বক এই লাইসেন্স ও নিবন্ধন দেওয়া হয়। লাইসেন্স বহাল রাখা হবে কি না, সে বিষয়ে প্রতিবছর চিকিৎসকের সেবা ও যোগ্যতার মূল্যায়ন করে জেএমসি। চিকিৎসা-সংক্রান্ত যেকোনো বিরোধে রোগী ও চিকিৎসক অভিযোগ করতে পারে জেএমসিতে। অভিযোগ তদন্তে জেএমসির নিজস্ব তদন্ত দল রয়েছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দেয়। পেশাগত ভুল, অবহেলা কিংবা অন্য কোনো অপরাধ বিবেচনায় চিকিৎসকের লাইসেন্সও বাতিল হতে পারে।

যুক্তরাজ্যে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে রোগীকে ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে চরম অবহেলার ক্ষেত্রে চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়ে থাকে।

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে অবহেলার অভিযোগে তাৎক্ষণিক গ্রেপ্তারের নিয়ম নেই। সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ আনার পর তদন্ত হবে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বা সরকারি আইনজীবী আনুষ্ঠানিক অভিযোগ আনার পর চিকিৎসককে গ্রেপ্তার করা যেতে পারে বা তিনি স্বেচ্ছায় আদালতে উপস্থিত হবেন। বিচারক জামিন দেবেন বা জেলে পাঠাবেন। এ ধরনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্রুত ব্যবস্থা নিয়ে থাকে। সাময়িক বরখাস্তসহ বিভাগীয় তদন্ত দ্রুত করাহয়।

ভারত: ভারতে রোগী অবেদন করার সময়, অস্ত্রোপচারের সময় বা অন্য কোনো চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক যদি অসৎ উদ্দেশে রোগীর ক্ষতি করেন বা চূড়ান্ত অবহেলা করেন তাহলে ফৌজদারি আদালতে মামলা করা যাবে। রোগী পক্ষকে অবহেলার বিষয়টি প্রমাণ করতে হবে এবং চিকিৎসককেও প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। ভারতে ভোক্তা অধিকার সংরক্ষণ আদালতেও অভিযোগ দায়েরের সুযোগ আছে। অবহেলা প্রমাণিত হলে রোগী ক্ষতিপূরণ পেয়ে থাকেন।