ঢাকা-খুলনা পথের আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন আজ মঙ্গলবার থেকে নতুন আঙ্গিকে চলা শুরু করবে। ট্রেনটি আজ থেকে চলবে ভারত থেকে সম্প্রতি আমদানি করা নতুন বগি দিয়ে। বগি পরিবর্তনের পাশাপাশি বাড়ছে আসনসংখ্যাও।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকার কমলাপুর স্টেশন থেকে নতুন বগিতে সজ্জিত চিত্রা এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করবেন। চিত্রা ট্রেনটি ব্রডগেজ বগিতে ঢাকা থেকে খুলনা পথে চলাচল করে। আজ ট্রেনটি ১২টি বগি নিয়ে চলাচল শুরু করবে। ফলে আসনসংখ্যা দাঁড়াবে ৮৮১টি। ট্রেনটিতে দুটি করে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিন ও এসি চেয়ার কামরা থাকবে।
এত দিন ট্রেনটি ইন্দোনেশিয়ায় তৈরি সাতটি বগি নিয়ে চলাচল করেছে। আসনসংখ্যা ছিল ৪৮০টি। রেলওয়ে কর্মকর্তারা জানান, আসন বৃদ্ধির ফলে যাত্রী চাহিদা কিছুটা হলেও মেটানো যাবে। এই ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় এবং খুলনা থেকে সকাল সাড়ে আটটায় ছাড়ে। ঢাকা-খুলনা পথে সুন্দরবন এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন চলাচল করে। ইন্দোনেশিয়ার তৈরি বগিতে চলা এই ট্রেনটিতেও ঈদের আগে ভারতীয় নতুন বগি সংযোজনের সম্ভাবনা রয়েছে।