নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। জাহাজে স্থাপিত ভাসমান এ হাসপাতাল দেশের নদীপারের দুস্থ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবে।গতকাল শনিবার নারায়ণগঞ্জের পাগলায় মেরি অ্যান্ডারসনে পরিবর্ধিত লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল দেশে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করছে। এ সময় লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্বাহী পরিচালক রুনা খানসহ আয়োজক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও বেসরকারি সাহায্য সংস্থা ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে পরিচালিত এ হাসপাতালে ছয়টি শয্যা, দুটি চিকিৎসা কক্ষ, চক্ষু অস্ত্রোপচার ও পর্যবেক্ষণ কক্ষ, মা ও শিশু কক্ষ, নিবন্ধন কক্ষ ও ফার্মেসি, সাধারণ অস্ত্রোপচার কক্ষ, রোগ নির্ণয় কক্ষ এবং এক্স-রে কক্ষ রয়েছে।এ হাসপাতালে স্বাস্থ্যসেবা পেতে হলে নিবন্ধিত হতে হবে। এ জন্য খরচ পড়বে মাত্র ১৫ টাকা। প্রয়োজনীয় ও জরুরি সংস্কারের জন্য গত বছর ভাসমান এ হাসপাতালকে তীরে ওঠানো হয়।