নতুন আলুর ক্রেতা নেই পুরোনোটা খায় গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বাজারে প্রতি কেজি নতুন আলু এক টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে। আর পুরোনো আলু বিক্রি হচ্ছে গোখাদ্য হিসেবে। কেজিপ্রতি পুরোনো আলুর দাম পড়ছে মাত্র ৭২ পয়সা।
কৃষকেরা জানান, উৎপাদন খরচ তো দূরের কথা, আলু বিক্রি করে খেত থেকে তা তোলার খরচই ওঠানো যাচ্ছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৩৫ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে সাত হাজার হেক্টর বেশি জমিতে আলু চাষ করেছেন।
সদর উপজেলার মহব্বতপুর গ্রামের কৃষক রইসুল ইসলাম জানান, তিনি ৪০ হাজার টাকা খরচ করে এক একর জমিতে আলু চাষ করে ২২৫ মণ পেয়েছেন। কিন্তু বাজারে ক্রেতা না থাকায় তিনি ওই আলু বিক্রি করতে পারেননি। তিনি আরও জানান, এলাকার এক পাইকার সাত দিন আগে প্রতি কেজি আলুর দাম দুই টাকা বলেছিলেন, কিন্তু তোলার পর এক টাকা বলছেন।
উলিপুর গ্রামের কৃষক কলিমুদ্দিন জানান, দাম কমে যাওয়ায় কৃষকেরা জমি থেকে আলু তুলছেন না।
কামদেবপুর গ্রামের আলু চাষি আবদুর রহমান বলেন, ‘আলু আবাদ করি আলু নিয়া কৃষকরা এইবার কান্দি বেড়াছে। যেই টাকা খরচ করি আলু লাগাইছি, ওই টাকা তো দূরের কাথা, আলু আবাদ করি জমি থাকি আলু উঠার খরচ পোষায় না।’
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর সদর ও বিরল উপজেলার পুনর্ভবা নদীর তীরে মহব্বতপুর, উলিপুর, খাড়িপাড়া, ঘুঘুডাঙ্গা, কামদেবপুর, সুন্দুরা, চকেরদীঘি, বসন্তপুর, মাহুতপাড়া, খামারঝাড়বাড়ীসহ বিস্তীর্ণ এলাকার শত শত একর জমির আলু জমিতেই পড়ে আছে।
কৃষকেরা জানান, অন্য বছর জমিতেই আলু বিক্রি হয়ে গেছে। কিন্তু এবার পাইকারদের সঙ্গে দাম ঠিক করে বায়না হাতে নিয়ে তারপর আলু তোলার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা। এ বছর আলুর কম দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বাহাদুর বাজারে পাইকারি বাজারের আড়তদার আবদুল গাফ্ফার জানান, নতুন আলুর দাম নেই। পুরোনো আলুর তো চাহিদাই নেই বাজারে। গত শনিবার শিকদারহাট বাজারে পুরোনো আলু বিক্রি হতে দেখা গেছে। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা আলু ৬০ টাকা এবং ৮৪ কেজি ওজনের বস্তা ১২০ টাকা দরে বিক্রি করছেন বলে জানান বিক্রেতারা।
সদর উপজেলার শিকদারহাট, শহরের চকবাজার, ফুলবাড়ী বাসস্ট্যান্ড বাজার ও বাহাদুরবাজার এলাকার হিমাগারে রাখা গত বছরের শত শত বস্তা আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে।
বিরল উপজেলার মঙ্গলপুর এলাকার আলু ব্যবসায়ী জানান, তিনি এক হাজার বস্তা আলু শহরের একটি হিমাগারে রেখেছিলেন। প্রতি বস্তা আলু কিনেছিলেন ৬০০ টাকা দরে। আর প্রতি বস্তার ভাড়ার জন্য হিমাগারের মালিককে ৩৬০ টাকা করে দিয়েছেন। পরিবহন, বস্তার দামসহ হিমাগারে রাখা প্রতি বস্তা আলুর জন্য তাঁর এক হাজার ১০০ টাকা খরচ হয়েছে। দাম কমে যাওয়ায় তিনি হিমাগার থেকে আলু তুলতে যাননি।
সৈয়দপুর গ্রামের গরুর খামারের মালিক মো. হাসিনুর রহমান ও সুমন মহসীন জানান, তাঁরা পুরোনো আলু গরুকে খাওয়াচ্ছেন। ব্যবসায়ীরা ১২০ টাকা বস্তা আলু খামারে দিয়ে যাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম জানান, সারা দেশেই আলুর বাম্পার ফলন হয়েছে। এ কারণে বাজারে আলুর দাম কমে গেছে। কৃষকদের আলুর দাম পাইয়ে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিদেশে আলু রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন।