নতুন আলুর দাম বাড়ছেই নিম্ন আয়ের মানুষ শঙ্কিত
একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন শাহজাহান আলী (৪৫)। ১৬ জানুয়ারি বাজারে গিয়ে আলুর কেজি ২৮ টাকা শুনে একটু অবাকই হলেন। দোকানি আরও জানান, দাম সামনে আরও বাড়বে। কারণ, চাহিদা অনুযায়ী আলু পাওয়া যাচ্ছে না। গত বছর এ রকম সময়ে শাহজাহান আলী আলু কিনেছিলেন আট টাকা কেজি দরে। তিন গুণেরও বেশি দাম হওয়ায় তিনি মাত্র আধা কেজি আলু কিনে অন্যান্য সবজি দিয়ে ব্যাগ ভরান।আলু বাজারে পুরোদমে ওঠার পর সাধারণত আলুর দর কিছুটা হলেও কমে—এতদিন এমনটাই দেখা গেছে। সর্বশেষ নতুন আলু বাজারে ওঠার প্রথম ১৫ দিন এ ধারাবাহিকতা ছিল। কিন্তু বর্তমানে তার উল্টোটা ঘটেছে।আলুচাষি ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বেশি শীতের কারণে তা আলু চাষের অনুকূলে রয়েছে। ফলে রোগবালাই তেমন নেই। ফলনও হয়েছে অনেক ভালো। এ অবস্থায় প্রথম দিকে মনে করা হয়েছিল আলুর বাজারদর থাকবে না। কিন্তু এ ধারণা টেকেনি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে আলুর দাম বাড়ছে। বর্তমানে হাটবাজারগুলোতে প্রতিমণ আলু ৯৫০ থেকে এক হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর এ সময়েও হিমাগারগুলোতে পুরাতন আলু থাকে। এ বছর নেই। আবার আলুর বিকল্প সবজি মুলা, বেগুন, কপি, লাউ, সিম ইত্যাদির আবাদও এবার কম হয়েছে। ফলে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় আলুর ওপর চাপ পড়েছে। এ কারণে আলুর দাম না কমে প্রতিদিনই বাড়ছে।তবে এভাবে আলু দাম বেড়ে যাওয়ায় উপজেলার আলুচাষিরা খুশি। বার বার আলু চাষে লোকসানের পর এবার বড় ধরনের লাভের মুখ দেখবেন বলে তাঁরা আশা করছেন। আর তাই অনেক চাষি ‘পরে যে কী হয়’ ভেবে খেত থেকে আলু তুলতে তোড়জোড় শুরু করে দিয়েছেন। উপজেলার দামগাড়া গ্রামের আলুচাষি নজরুল ইসলাম (৪৮) বলেন, ‘আমি দুই বিঘা জমির পুরোটাতেই আলুর আবাদ করেছি। বাম্পার ফলন হয়েছে। আর বাজারদর গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে। আলুর ফলন ও দামে আমি খুব খুশি।’ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘চলতি মৌসুমে এ উপজেলায় ১৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এবার একে তো বাম্পার ফলন তার ওপর দামও বেশি—দুয়ে মিলে চাষিরা মোটা ধরনের লাভের মুখ দেখছেন এবার।’