নতুন আলোয় উদ্ভাসিত আজকের সাতই মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নবীন আলোতে উদ্ভাসিত হয়ে আজ এল সাতই মার্চ। ইতিহাসের যেকোনো উজ্জ্বল দিনই ফিরে আসে নতুন বার্তা নিয়ে। ১৯৭১ সালের অনিশ্চয়তাভরা এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বজ্রকণ্ঠ ভাষণ উদ্দীপ্ত করে তুলেছিল পূর্ব বাংলার মানুষকে। দিয়েছিল বরাভয়, বিপৎসংকুল পথে এগিয়ে যাওয়ার পথরেখা। এত দিন প্রতিবছর এই দিনটি ফিরে ফিরে আসত মানুষের স্বাধীনতা আর মুক্তির অফুরান আকাঙ্ক্ষা জাগিয়ে। এবারে সে দিনটি এসেছে যখন বঙ্গবন্ধুর সেই অমর ভাষণটি হয়ে উঠেছে পৃথিবীর সবার। গত বছরের অক্টোবরে ইউনেসকো এই ভাষণকে দিয়েছে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে এক অনন্য স্বীকৃতি। বাঙালির গর্বিত আনন্দের সেই পটভূমিতে আজ এসেছে উজ্জ্বল সেই দিনটি।

আজকের সোহরাওয়ার্দী উদ্যান তখন ছিল রেসকোর্স ময়দান। একাত্তরের শুরুর দিকে সে এক উত্তেজনাভরা টালমাটাল সময়। অনিশ্চিত কোটি মানুষকে অভূতপূর্ব এক ভাষণের মধ্য দিয়ে এক বিন্দুতে মিলিয়ে দিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানি শাসকদের জানিয়ে দিলেন বাঙালির স্পষ্ট দাবি, তাঁর দেশবাসীকে দিলেন পথনির্দেশ। আক্ষরিক অর্থে জনসমুদ্রে দেওয়া বঙ্গবন্ধুর ১৯ মিনিটের সেই ভাষণ হয়ে উঠল ইতিহাস। প্রথমে আমাদের ইতিহাস, এখন বিশ্ববাসীর। ইউনেসকো এই ভাষণের মধ্যে দেখেছে সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য প্রতিষ্ঠায় রাষ্ট্রের ব্যর্থতা থেকে মুক্তির এক নিশানা।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের নয়, বিশ্ববাসীর জন্য প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আসুন সকলে মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। ঐতিহাসিক সাতই মার্চে এই হোক আমাদের অঙ্গীকার।’

কর্মসূচি
সাতই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আজ ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা শুরু হবে বেলা দুইটায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর আজ বেলা তিনটায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। বিকেল পাঁচটায় মুক্তিযুদ্ধ জাদুঘর দিনব্যাপী ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বেলা তিনটায় সংস্থার সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।