
বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি ১২ ফুট চওড়া ও ২৫ ফুট লম্বা একটি ঝুপড়ি ঘর। সেখানে গাদাগাদি করে কোনোভাবে মাথা গুঁজে আছে ৯৭ জন রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলার পর গত দুদিনে এরা সবাই পালিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এসেছে।
২৪ আগস্ট থেকে বালুখালীতে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা অন্তত সাত হাজার। শিবিরে জায়গা না পেয়ে তাদের অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে।
কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম বালুখালী। এটি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পড়েছে। গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলার পর বালুখালীতে পালিয়ে আসে প্রায় ২৩ হাজার রোহিঙ্গা। তারা বন বিভাগের ৩০০ একরের মতো বনভূমি (পাহাড়-জঙ্গল) দখল করে তৈরি করে ‘বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবির’।
নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের একজন গোলচেহের (৪৮)। রাখাইন রাজ্যের বালুখালী ঘড়িপাড়া থেকে গত মঙ্গলবার স্বামী ও ১০ ছেলেমেয়ের সঙ্গে পালিয়ে এসেছেন তিনি। গোলচেহের বলেন, ২৭ আগস্ট বিকেলে মিয়ানমারের সেনা সদস্যরা তাঁর বাড়িতে হামলা চালায়। দুই ছেলে সাদ উল্লাহ (১৮) ও আনাস উল্লাহকে (১৫) ধরে নিয়ে যায়। শুনেছেন গুলি করে তাদের হত্যা করেছে সেনারা। গ্রামের আরও ২৫ রোহিঙ্গাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, শিবিরের ভেতরে তাঁরা জায়গা পাননি। শিবিরের পাশে ঘর তৈরি করার চেষ্টা করছেন তাঁর স্বামী।
বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের মোট ৩৫টি ব্লকে ৪ হাজার ১৩ পরিবারের প্রায় ২৩ হাজার রোহিঙ্গা বাস করছে। প্রতিটি ব্লকে ২০ থেকে ৩০টি লম্বা শেড আছে। পলিথিন দিয়ে তৈরি প্রতিটি শেডে থাকছে পাঁচ শ থেকে দেড় হাজার রোহিঙ্গা।
গতকাল বালুখালীর এই শিবির ঘুরে দেখা গেছে, ১০-১২ ফুটের প্রতিটা ঝুপড়ি ঘরে ৫ থেকে ১২ জন করে রোহিঙ্গা বাস করছে। নতুন আসা অনেক রোহিঙ্গাও এসব কক্ষে আশ্রয় নিয়েছে। এতে থাকা-খাওয়া নিয়ে সমস্যায় পড়েছে নতুন ও পুরোনো রোহিঙ্গারা।
গত সোমবার এই শিবিরের বি ব্লকের একটি কক্ষে আশ্রয় নেন রাখাইন রাজ্যের কোয়াইমং গ্রামের সেতারা বেগম (৪০)। সঙ্গে তাঁর চার ছেলেমেয়ে। রাতে তাঁরা ওই কক্ষে গাদাগাদি করে থাকলেও দিনের বেলায় খোলা মাঠে থাকতে হয়।
সেতারা বেগম বলেন, গত রোববার রাতে তাঁর স্বামী গোলাম বারীকে হত্যা করা হয়। তাঁর দুই ভাইকেও ধরে নিয়ে গেছে মিয়ানমারের সেনারা। উপায় না দেখে সন্তানদের নিয়ে পালিয়ে এসেছেন।
এই রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল হোসেন বলেন, গত দুদিনে প্রায় তিন হাজার রোহিঙ্গা বালুখালীতে এসেছে। সবাইকে শিবিরে জায়গা দেওয়া সম্ভব হয়নি। তারা খোলা আকাশের নিচে আছে।