শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের দোররার আঘাতে নিহত হওয়া কিশোরী হেনার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মামলার এজাহারে না থাকলেও পুলিশের করা অভিযোগপত্রে আটজনের নাম অন্তর্ভুক্ত করায় সামাজিক ও পারিবারিকভাবে চাপের মুখে রয়েছে হেনার পরিবার। এজাহারভুক্ত ১৮ জন আসামির মধ্যে আটজন এখনো গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে তাদের।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা আক্তার (১৪) গত বছরের ২৩ জানুয়ারি ধর্ষণের শিকার হয়। পরদিন রাতে চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস শেখের নেতৃত্বে শালিসকারীরা ফতোয়া দিয়ে হেনাকে দোররা মারার নির্দেশ দেন। দোররার আঘাতে গুরুতর আহত হেনা চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি রাতে মারা যায়। ১ জানুয়ারি নড়িয়া থানায় তার বাবা দরবেশ খান ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না, শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে ঘটনার আগে ও পরে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছিল, তা আদালতকে জানাতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। নড়িয়া থানার পরিদর্শক মির্জা এ কে আজাদ এজাহারে ধর্ষণের ঘটনা আড়াল করে বাদীর সই নিয়ে তা নথিভুক্ত করেন। বিষয়টি নজরে এলে ১০ ফেব্রুয়ারি উচ্চ আদালত ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে মামলা নেওয়ার জন্য নড়িয়া থানাকে নির্দেশ দেন। ১১ ফেব্রুয়ারি হেনার মা আকলিমা বেগম ওই ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে নয়জন কারাগারে ও একজন জামিনে আছেন। বাকি আটজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গত বছরের ৭ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। এর মধ্যে হত্যা মামলায় নতুন করে আটজনকে অন্তর্ভুক্ত করা হয়, যারা সবাই হেনার আত্মীয়স্বজন। তারা নানাভাবে হেনার পরিবারকে সহায়তা করেছিল। অভিযোগপত্র দাখিল হওয়ার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় হেনার পরিবার সামাজিক ও পারিবারিকভাবে চাপের মুখে পড়ে। অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে নারাজি দেয়। গত সেপ্টেম্বর থেকে জেলা ও দায়রা জজ না থাকায় নারাজির শুনানি হয়নি।গত রোববার চামটা গ্রামে হেনাদের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্যদের সঙ্গে। মা আকলিমা বেগমকে কুশল জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘হেনার মৃত্যুর শোক বুকে নিয়ে একটি বছর পার করেছি। হেনাকে নির্যাতনের কথা মনে হলে এখনো আঁতকে উঠি। আতঙ্ক নিয়ে আমাদের প্রতিটি দিন কাটছে। অপরাধীদের শাস্তি হবে—এ আশায় বেঁচে আছি।’ হেনার বাবা দরবেশ খান জানান, ‘আসামির আত্মীয়স্বজনের ভয়ে এখনো তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। সব সময় অজানা আশঙ্কার মধ্যে থাকেন। আর অভিযোগপত্রে নতুন করে আটজনকে অন্তর্ভুক্ত করায় তিনি সামাজিক ও পারিবারিকভাবে চাপের মধ্যে রয়েছেন। হেনার আইনজীবী রাশিদুল হাসান জানান, আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। জেলা ও দায়রা জজ না থাকায় শুনানি হচ্ছে না।শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, অভিযুক্ত বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর আছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান অভিযোগপত্র দাখিলের সময় বলেছিলেন, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় ওই আটজনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।