নতুন আসামি শনাক্তসহ গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামি দুই দিনের রিমান্ডে নতুন আসামি শনাক্ত করাসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে দ্বিতীয় দিনের রিমান্ড চলাকালে তাঁরা ওই তথ্য দেন। এ সময় তাঁদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিন আসামি হলেন চরকাঁকড়া গ্রামের জাফর ইকবাল (২৭), হারুনুর রশীদ (৩২) ও আবদুল খালেক ওরফে মাছ খালেক (৩৭)। গত সোমবার তাঁদের দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়।এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি শাহ আলম (২০) এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দিনের রিমান্ডে আসামিদের কাছ থেকে মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত দু-তিনজনের নাম-পরিচয়সহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে ভূমিকা রাখবে। ডিবি সূত্র জানায়, রিমান্ডের আসামিদের তথ্য ও ভিডিওচিত্রের মাধ্যমে ইতিমধ্যে তাঁরা অন্তত ২০ জনের নাম-পরিচয় সম্পর্কে তথ্য পেয়েছেন। ওই তালিকার চারজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকিদের ধরার জন্য তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু শনাক্ত করা ওই সব ব্যক্তি আত্মগোপনে থাকায় অভিযানে সফলতা আসছে না। গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মিলনের মা ৩ আগস্ট নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ওই মামলাকে হত্যা মামলা হিসেবে লিপিবদ্ধ করে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।