নতুন আহ্বায়ক কমিটি নতুন করে দ্বন্দ্বের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সম্প্রতি রংপুরে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে বলে দলের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন। দলের একাধিক সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে জেলা কমিটির নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন সদ্যবিলুপ্ত জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন সহসভাপতি ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফ এবং সদর উপজেলার চেয়ারম্যান ও সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান। দলের নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। এর ফলে দলের স্বাভাবিক কার্যক্রম ঝিমিয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ এপ্রিল বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানকে। আর সাবেক সাংসদ মশিউর রহমানকে তিন নম্বর ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফকে পাঁচ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এক ও দুই নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে যথাক্রমে সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা এবং এইচ এম এরশাদের ছোট ভাই মোজাম্মেল হোসেনকে। একটি সূত্র জানায়, মন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করার ফলে দলের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়া নেতা-কর্মীদের সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আবার একটি পক্ষ অভিযোগ করেছে, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে আহ্বায়ক করায় তিনি সময় দিতে পারবেন না। নতুন আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ বলেন, ‘নতুন করে যত চেষ্টাই করা হোক না কেন দলের গতি ফিরিয়ে আনা সম্ভব হবে না। কেন না রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থিতা নিয়ে দুই নেতা পরস্পরবিরোধী অবস্থানে রয়েছেন। এ নিয়ে সংঘাত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।’ আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, জেলার তিনটি পৌরসভাসহ আট উপজেলার সম্মেলন দীর্ঘদিন ধরে হয় না। দেড় মাসের মধ্যে এগুলোর পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। তিনি দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, এই সমস্যা দূর করতেই মন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করা হয়েছে। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, অনেক দিন ধরে দলের সম্মেলন হয় না। সম্মেলনের মাধ্যমে কমিটি করা হলে দলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফিরে আসবে। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, রংপুরের বড় দলে একটু-আধটু দ্বন্দ্ব থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ কমিটি হওয়া প্রয়োজন।