বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের আগ মুহূর্তে ১৩ ফেব্রুয়ারি হঠাৎ করে কমিটি গঠন করায় দলের অনেক নেতা-কর্মী হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন। এতে নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে বলে দলের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দুটি পক্ষে বিভক্ত হয়ে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন সদ্য বিদায়ী সাংসদ এ কে এম হাফিজুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম।
দলের নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে কর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে ১৩ ফেব্রুয়ারি মীর শাহে আলমকে আহ্বায়ক করে ৩৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সবাই শাহে আলমের অনুসারী।
দলের একটি অংশের কয়েকজন নেতা-কর্মী বলেন, পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই এক পক্ষকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় দ্বন্দ্ব এখন আরও প্রকট হবে।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, এখন দলকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী কমিটি করা হবে।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এ বি এম কামাল সেলিম বলেন, একজন ব্যক্তির ইচ্ছে অনুযায়ী এই কমিটি সাজানো হয়েছে। এই কমিটি অবৈধ। এ কে এম হাফিজুর রহমান বলেন, এটা একটা খামখেয়ালিপনার কমিটি। এভাবে কমিটি গঠন করায় উপজেলার বেশির ভাগ নেতা-কর্মী হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।