নতুন আহ্বায়ক ঠিক করতে ঢাকায় চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পদত্যাগ করায় এখন কী করণীয়, তা জানতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনের আহ্বায়কের কাছে পরামর্শ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক (নির্বাচন কমিশনার) স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক লুৎফর রহমান বরাবর এ চিঠি দেওয়া হয়। বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা এ চিঠি পাঠান।

বিএমএ চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার ৯ ডিসেম্বর নির্বাচনী দায়িত্ব থেকে সরে যান। কিন্তু বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ জানান, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। তবে আলাউদ্দিন মজুমদার তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন।

এ অবস্থায় চট্টগ্রামের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত অন্য সদস্যরা গতকাল বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লুৎফর রহমানের কাছে চিঠি পাঠানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জি এম চৌধুরী বলেন, ‘আহ্বায়ক দায়িত্ব পালনে রাজি না হওয়ায় ঢাকার আহ্বায়কের কাছে পরবর্তী করণীয় জানতে চেয়ে চিঠি দিয়েছি।’

এদিক, নির্বাচনে ভোট গ্রহণের স্থান নিয়েও স্বাচিপের দুই পক্ষ মতৈক্যে পৌঁছাতে পারেনি। পদত্যাগের আগের দিন ৮ ডিসেম্বর আলাউদ্দিন মজুমদার নির্বাচনী স্থান হিসেবে মেডিকেল কলেজ ক্যাম্পাসের পাশে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে নির্ধারণ করেন। তবে এ নিয়ে স্বাচিপের নাসির-মিনহাজ পরিষদ আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে।

এ বিষয়ে জি এম চৌধুরী বলেন, দুই পক্ষকে ছাড় দিতে হবে। এমন একটি স্থান নির্ধারণ করতে হবে, যেখানে কারও আপত্তি থাকবে না।