নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি হালনাগাদ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের দাবি উঠেছে। তিন বছর আগে গঠিত কমিটিগুলো নিয়ে আপত্তি তোলা তৃণমূল নেতারা এ বিষয়ে ২২ মার্চ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর ডাকযোগে চিঠি পাঠিয়েছেন।
চিঠি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি উপজেলার খুবজীপুর, বিয়াঘাট, নাজিরপুর, চাপিলা, ধারাবারিষা ও মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিগুলোতে দলের ত্যাগী, সৎ ও কর্মীবান্ধব নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। সেখানে বিএনপির লোকজনকে অন্তর্ভুক্ত করাসহ স্বজনপ্রীতি করা হয়েছিল। তা ছাড়া ওয়ার্ডভিত্তিক সমবণ্টন করে সদস্যও রাখা হয়নি। বিভিন্ন সময় দলের ত্যাগী নেতাদের ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেও লাভ হয়নি। সর্বশেষ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে দলীয় একক প্রার্থী বাছাই হচ্ছে সেই বিতর্কিত কমিটি দিয়েই। এতে দলের জন্য নিবেদিতপ্রাণ, এলাকায় জনপ্রিয়, এমনকি বর্তমান চেয়ারম্যানরাও বিতর্কিত ওই নেতাদের বাছাই প্রক্রিয়াতে সন্তুষ্ট নন। এতে তৃণমূল আওয়ামী লীগে দ্বন্দ্ব শুরু হয়েছে।
ভোট বজর্নকারী খুবজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, মশিন্দা ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ধারাবারিষা ইউপির চেয়ারম্যান আবদুল মতিন অভিযোগ করেন, তিন বছর আগের বিতর্কিত ও একতরফাভাবে গঠিত কমিটি নিয়ে তাঁদের আপত্তি ছিল। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী তাঁদের পছন্দের ব্যক্তিকে দলীয় একক প্রার্থী মনোনীত করতে মাঠে তৎপর রয়েছেন। এখানে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানও প্রার্থী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত থাকছেন না।
এদিকে উপজেলার চাপিলা ইউনিয়নে গত ২২ ফেব্রুয়ারি একই পন্থায় প্রার্থী বাছাই করায় মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ আল মাওদুদ, আবু তাহের, মহসীন আলী, ইউনুস আলী, আবদুল কুদ্দুস, শাহ আলম ও কামাল পারভেজ প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি বর্জন করেছেন। আবদুল্লাহ আল মাওদুদ বলেন, তৃণমূলের কমিটিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত না থাকায় তিনিসহ ছয়জনের কেউ পাতানো ফাঁদে পা দেননি। তিনি অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের একতরফা কর্মকাণ্ডের কারণে নাজিরপুর ইউনিয়নে কোনো প্রার্থী অংশগ্রহণ না করায় বর্তমান চেয়ারম্যান আয়ুব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন। অন্য ইউনিয়নগুলোতেও একই চিত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কমপক্ষে ১৫ জন সাবেক ও বর্তমান নেতা বলেন, তিন বছর আগে সাংসদ আবদুল কুদ্দুস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলীর সঙ্গে রাজনৈতিক মতভেদ ছিল। এ কারণে সাংসদ সে সময় প্রায় দুই বছর গুরুদাসপুরে ছিলেন না। ওই সুযোগে শাহনেওয়াজ আলী তাঁর অনুগত ও পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করেছিলেন। অবশ্য এক বছর ধরে সাংসদের সঙ্গে শাহনেওয়াজের সম্পর্কের উন্নতি হয়। তবে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আবার তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এ কারণে সাংসদের সমর্থকেরা নির্বাচন বর্জন করে চলছেন। এ পরিস্থিতির উত্তরণ না হলে আসন্ন ইউপি নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।
জানতে চাইলে সাংসদ আবদুল কুদ্দুস বলেন, নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থী বাছাই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী চিঠির অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বছর দেড়েক আগে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচন হয়। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস তৃণমূল আওয়ামী লীগের ওই ভোটেই জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তখন কোনো আপত্তি ওঠেনি। এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে আপত্তি উঠছে। তিনি বলেন, দলের হাইকমান্ডের নীতিমালা অনুসরণ করেই বাছাই প্রক্রিয়া চলছে। কেউ অংশগ্রহণ না করলে সংগঠনের তেমন ক্ষতি হবে না। কারণ গঠিত কমিটিতে দলীয় লোকজনই রয়েছে।