নতুন ইউনিয়ন গঠন নিয়ে বিভক্ত বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, আখানগর ও রাজাগাঁও ইউনিয়নের সীমানা বিভাজন করে নতুন আরও দুটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্তে বিভক্ত হয়ে পড়েছে তিন ইউনিয়নের বাসিন্দারা। ইউনিয়ন বিভাজনের প্রতিবাদে তারা নানা কর্মসূচি পালন করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ মে সদর উপজেলার রুহিয়া, আখানগর ও রাজাগাঁও ইউনিয়ন বিভাজন করে নতুন রুহিয়া পশ্চিম ও ঢোলরহাট নামে আরও দুটি ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী রুহিয়া ইউনিয়নের স্কুল-কলেজ, সরকারি কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নতুন রুহিয়া পশ্চিম ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হলে ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। নতুন ইউনিয়ন গঠন করতে গিয়ে অসমভাবে সীমানা বিভাজন করা হয়েছে বলে তাদের অভিযোগ।প্রকাশিত গেজেট সংশোধন ও রুহিয়া ইউনিয়ন অসম বিভাজনের প্রতিবাদে গত ২০ আগস্ট থেকে স্থানীয় নাগরিক কমিটির ব্যানারে আন্দোলন শুরু করে ইউনিয়নবাসী। ২২ আগস্ট তারা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। ২৭ আগস্ট ইউনিয়নের পাঁচ হাজার ৬৮২ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি আবেদন জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। গেজেট সংশোধনের দাবিতে গত বুধবার রুহিয়া ইউনিয়নে অর্ধবেলা হরতাল পালন করে নাগরিক কমিটি। নবগঠিত রুহিয়া থানায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গত বুধবার বিকেলে স্থানীয় ভেলারহাট উচ্চবিদ্যালয়ে প্রতিবাদ সভা করেছে আখানগর রক্ষা কমিটি।আখানগর ইউনিয়নের বাসিন্দা এনামুল হক জানান, নতুন একটি থানার কাজ ভালোভাবে শুরু হতে অনেক সময় লাগে। ফলে সরকারি সেবা পেতে ইউনিয়নবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। তা ছাড়া নবগঠিত রুহিয়া সদর উপজেলা থেকে অনেক দূরে অবস্থিত।রাজাগাঁও ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় রুহিয়া থানা গঠন করা হচ্ছে। ইউনিয়নের বড় হাটগুলো নতুন ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা থানার সঙ্গে যোগাযোগ করতে উল্টো দিকে যেতে চাই না।’সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী নতুন থানা গঠন সম্পর্কে বলেন, ‘নতুন একটি থানা গঠন করতে গিয়ে যেভাবে ইউনিয়ন বিভাজন করা হয়েছে, তা অসম হয়েছে। নতুন ইউনিয়ন গঠন করতে গিয়ে অন্য ইউনিয়নকে বঞ্চিত করা ঠিক নয়।’ঠাকুরগাঁও জেলা প্রশাসক শহীদুজ্জামান বলেন, ‘রুহিয়া পশ্চিম ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠিত স্কুল-কলেজ, সরকারি অফিসগুলো রুহিয়া ইউনিয়নেই রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আখানগর ও রাজাগাঁও ইউনিয়নবাসীর আন্দোলনের কারণ সম্পর্কে জেনে পরে বলতে হবে।’