নতুন ইউপি গঠন নিয়ে রৌমারীতে সংঘর্ষ
নতুন ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে কুড়িগ্রামের রৌমারীতে গত মঙ্গল ও সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হওয়ার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুতর আহত আটজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দাঁতভাঙ্গা ও বন্দবের ইউনিয়নের চারটি মৌজা নিয়ে চর শৌলমারী নামে নতুন একটি ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফজলুল হক ও বন্ধবের ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ নিয়ে আট বছর ধরে দুই পক্ষ মিছিল, মিটিং, মামলা-মোকদ্দমা করছে। ঘটছে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা। সম্প্রতি হাইকোর্ট চর শৌলমারী ইউনিয়ন গঠন করতে জনমত যাচাইয়ের ভিত্তিতে কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমানকে দায়িত্ব দেন।জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১১টায় শহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল আলমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তদন্ত দলটি সাহেবের আলগা বিজিবি (বর্ডার গার্ডস বাংলাদেশ) ক্যাম্পে অবস্থান নেয়। খবর পেয়ে উভয় পক্ষের কয়েক শ মানুষ সেখানে হাজির হয়। এ সময় কে বা কারা গুজব ছড়ায় যে তদন্ত দল ফিরে যাচ্ছে। এতে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। সোমবার দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় একদল বিক্ষুব্ধ লোক শৌলমারীর ফজলুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষে ধনতলা গ্রামের চান্দুলার ছেলে বাচ্চু মিয়া (২৫) আহত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, স্থানে স্থানে লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক বলেন, যেসব মৌজা নিয়ে ইউনিয়ন গঠন করা হচ্ছে, তা অযৌক্তিক। সাবেক চেয়ারম্যান ফজলুল হক জানান, নতুন ইউনিয়নটি গঠিত হলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় প্রথম আলোকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মাইকিং করে মানুষকে শান্ত থাকতে বলা হয়েছে।