বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদি বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল ২০০৬ সালের ৪ এপ্রিল। এর মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের এপ্রিলে। ফলে মেয়াদোত্তীর্ণের ক্ষেত্রে এই কমিটি ছাত্রলীগে নতুন ইতিহাস গড়েছে। এ ছাড়া বর্তমান সরকারের দুই বছরে নানা ঘটনায় ব্যাপক সমালোচিত এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগও অনেক।এমন অবস্থায় ছাত্রলীগ আজ ৪ জানুয়ারি পালন করছে ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। দিবসটি উদ্যাপনে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আগামী সম্মেলনের ঘোষণা দেওয়া হোক। কারণ সংগঠনের ৬৩ বছরের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় কোনো কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল না। প্রতিষ্ঠার পর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত কমিটি হয়েছে নিয়মিত। পরে কিছুদিন দুই বছরের কমিটি চলে তিন বছর। বাহাদুর ব্যাপারী ও অজয় করের নেতৃত্বাধীন কমিটি ছিল চার বছর। এরপর ২০০২ সালে গঠিত হয় লিয়াকত শিকদার ও নজরুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি। সর্বশেষ ২০০৬ সালের এপ্রিলে মাহমুদ হাসান ও মাহফুজুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন বর্তমান কমিটি গঠিত হয়।ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১(খ) ধারা অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকাল দুই বছর। এ সময়ের মধ্যে সম্মেলন করতে হবে। অন্যথায় নির্বাহী সংসদের কার্যকারিতা থাকবে না।কেন্দ্রীয় কমিটির কয়েকজন সহসভাপতি নাম প্রকাশ না করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা আর নেই। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(ক) ধারা অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর বয়সী যেকোনো ছাত্র বা ছাত্রী সংগঠনের সদস্য হতে পারবেন। তবে ২০০৬ সালে কমিটি গঠনের সময় নেতাদের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ২৯ বছর করা হয়।নেতা-কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সম্মেলন বা নতুন কমিটি গঠনে আগ্রহী নন। একসময় সম্মেলনের জন্য জোর দাবি জানানো কয়েকজন নেতাও ওই অবস্থান থেকে সরে এসেছেন। কারণ তাঁরা সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতার বয়স পেরিয়ে এসেছেন। তাই তাঁরাও চাইছেন, এই কমিটিই চলুক। এর প্রভাব পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে। এসব বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান ও মাহফুজুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, এটি সত্য যে, ছাত্রলীগের এই কমিটি অনেক দিন ধরে চলছে। কিন্তু এর জন্য দায়ী জরুরি অবস্থা। জরুরি অবস্থার কারণে দুটি বছর নষ্ট হয়েছে। সাংগঠনিক কোনো কাজ করা যায়নি।কবে নাগাদ সম্মেলনের ঘোষণা আসতে পারে, জানতে চাইলে মাহফুজুল হায়দার বলেন, এখনো ৩০টির মতো জেলা কমিটি গঠন বাকি। এসব কমিটি হয়ে গেলে নিয়ম অনুযায়ী সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, এভাবে দীর্ঘদিন একই কমিটি থাকা নেতৃত্বের জন্য লজ্জার। সেই হতাশা থেকে অনেকে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়। ছাত্র সংগঠনের নিয়মই হলো নিয়মিত সম্মেলন হবে। ছাত্ররা নেতৃত্বে থাকবে। কিন্তু এখন সেটি হচ্ছে না।