নতুন ইসি গঠনে দেরি শূন্যতা হিসেবে গণ্য হবে না: আইনমন্ত্রী
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার। নতুন কমিশন গঠনে দেরি হলেও মাঝখানের সময় আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংবিধান বা আইনে পদ শূন্য থাকতে পারবে না, এ রকম কথা নেই।’
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।
মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিশন না হওয়া পর্যন্ত বর্তমান কমিশন দায়িত্ব পালন করতে পারবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বর্তমান কমিশন দায়িত্ব চালিয়ে যেতে পারবে না। কারণ, সংবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে, তারা পাঁচ বছর দায়িত্ব পালন করবে। পাঁচ বছর শেষ হয়ে গেলে এমন কথা নেই যে যারা স্থলাভিষিক্ত হবে, তারা না আসা পর্যন্ত দায়িত্বে থাকবে। এ সময় নির্বাচন কমিশনের প্রশাসনিক কাজ চলবে। তবে নতুন নির্বাচন কমিশন এলেই কোনো নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়া ও অনুসন্ধান কমিটিতে নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত গণতান্ত্রিক কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এটি গণতান্ত্রিক নয়। গণতন্ত্রের কথাই হচ্ছে সংলাপ, আন্ডারস্ট্যান্ডিং। সেখানে প্রতিবারই কোনো পদক্ষেপকে যদি তারা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে নেয়, তাহলে জনগণ সেটিকে গণতান্ত্রিক বলে মনে করবে না।’
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদ আইন পাস করেছে। সার্চ কমিটি গঠন করেছে। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব দল অংশ নিয়েছে এবং যারা সংলাপে যায়নি, সবারই দাবি ছিল নির্বাচন কমিশন গঠনে আইন করা উচিত। সংসদ এ আইন করেছে সবার অংশগ্রহণে। এ রকম কোনো আইন এখন পর্যন্ত হয়নি, যেখানে বিরোধী দলীয় ২২টি সংশোধনী নেওয়া হয়েছে। এমনকি এ আইনের যে নাম, তা-ও বিরোধী দলীয় সংশোধনীর পরিপ্রেক্ষিতে বদলে দেওয়া হয়েছে।
আনিসুল হক বলেন, অনুসন্ধান কমিটি তাদের দায়িত্ব পালন করছে। তিনি আশা করেন, তাদের দায়িত্ব পালন শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পাওয়া যাবে।