নতুন ইসিকে শক্তিশালী করার প্রস্তাব বিবেচনা করবে ইইউ
নতুন নির্বাচন কমিশন গঠনের পর তা শক্তিশালী করতে বাংলাদেশ কোনো অনুরোধ জানালে তা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশে পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) সমর্থনের বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গতকাল সোমবার এ কথা বলেন।
পিয়েরে মায়াদু এদিন দুপুরে তাঁর বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ইইউ বাংলাদেশের ইসির অংশীদার হিসেবে কাজ করে এলেও এ মুহূর্তে কোনো প্রকল্প নেই।
পিয়েরে মায়াদু বলেন, এখন থেকে কয়েক দিনের মধ্যে নতুন ইসি গঠন করা হচ্ছে। যদি ইসি আন্তর্জাতিক সম্প্রদায়, দাতাগোষ্ঠী বিশেষ করে ইইউর কোনো সুনির্দিষ্ট সহযোগিতা চায়, ইইউ অবশ্যই তা ইতিবাচকভাবে দেখব। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে ইইউ ধারাবাহিকভাবে সমর্থন করে যাচ্ছে। ইসি শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা এই প্রক্রিয়ারই অংশ।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নাগরিক সমাজের গুরুত্বের কথা উল্লেখ করে পিয়েরে মায়াদু বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধান অংশীদার হিসেবে নাগরিক সমাজের ভূমিকা অব্যাহত থাকবে। বৈদেশিক অনুদান আইন নিয়ে কিছু প্রশ্ন আমরা তুলেছি। তবে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশ বেসরকারি সাহায্য সংস্থাবান্ধব দেশ হিসেবে নিজের ভূমিকা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।’
রোহিঙ্গা প্রসঙ্গ
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়ায় তাঁদের সহায়তার আগ্রহ আছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান। বিশেষ করে কখন, কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সেটি তাঁরা জানতে চান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে নিজেদের অঙ্গীকারের কথা উল্লেখ করে পিয়েরে মায়াদু বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুনির্দিষ্ট উপায়ে আমরা সমর্থন করে আসছি। জাতিসংঘ কিংবা মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, যেখানেই যখন এ নিয়ে আলোচনার সুযোগ পাই, আমরা আমাদের উদ্বেগের কথা জানাই। রোহিঙ্গারা যে জটিল পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তা থেকে তাদের পরিত্রাণের জন্য আমরা আন্তর্জাতিক ও স্থানীয় সাহায্য সংস্থাকে সমর্থন করে যাচ্ছি।’