নতুন ইসির অধীনে বাঘাইছড়িতে ভোট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ছবিটি আজ শনিবার সকালে বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ছবিটি আজ শনিবার সকালে বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট চলছে। আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

সকাল ১০টা পর্যন্ত কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুপাড়া কমিউনিটি সেন্টার ও বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। এসব কেন্দ্রে নারী ও পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোটকেন্দ্রগুলোতে র‍্যাব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ভোটার নীলবরণ চাকমা বলেন, তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভোটের পরিবেশ ভালো বলে তিনি জানান।

বাবুপাড়া কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাঙামাটির সহকারী পুলিশ সুপার মো. শরীফ বলেন, কড়া নিরাপত্তায় ভোট চলছে।

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থান। ছবিটি আজ শনিবার সকালে বাবুপাড়া কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থান। ছবিটি আজ শনিবার সকালে বাবুপাড়া কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটার ১০ হাজার ১৭৭ জন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান, বিএনপির প্রার্থী মো. ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান।