নতুন ইয়াবা ব্যবসায়ীদের তালিকা চান সাংসদ বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ব্যবসায়ীদের নতুন তালিকা করার তাগিদ দিলেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি। গতকাল সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্সের সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সাংসদ অভিযোগ করেন, জামায়াত-বিএনপির ইন্ধনে কিছু অসাধু কর্মকর্তা প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের বাদ দিয়ে এলাকার নিরীহ ব্যক্তি ও আওয়ামী লীগ পরিবারের লোকজনকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। তদন্ত করে দ্রুত নতুন তালিকা করার জন্য পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তার প্রতি তাগিদ দেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, টেকনাফে ৭০০ ইয়াবা ব্যবসায়ী ছাড়া কি আর কোনো ইয়াবা ব্যবসায়ী নেই!
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আবসার উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির, টেকনাফ থানার ওসি আবদুল মজিদ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ প্রমুখ।
সাংসদ বলেন, পৌরসভা ও কোনো ইউনিয়নে ইয়াবা বা মানব পাচারের মতো ঘটনা ঘটলে সেখানকার জনপ্রতিনিধিরা যদি ব্যবস্থা না নিয়ে চুপ থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির নাম আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও সাংসদ বদিকে পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গতকালের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, মিয়ানমার থেকে কোনো না কোনো পয়েন্ট দিয়ে ইয়াবা বাংলাদেশ আসছে। রোহিঙ্গা ও ইয়াবা পাচার বন্ধে এলাকা প্রশাসনকে সহযোগিতা করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।