নতুন উপজেলা ও পৌর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় বছর পর নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নতুন কমিটি ঘোষণা করেন। ২০০৯ সালের শুরুতে সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ১৯ মার্চ দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তা ছাড়া সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। তাই নাটোর জেলার সব জেলা-উপজেলা ও পৌরসভায় কাউন্সিলের মাধ্যমে দ্রুত কমিটি গঠন করা হচ্ছে। এরই মধ্যে গত ১৯ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা, ২০ ফেব্রুয়ারি সিংড়া, ২১ ফেব্রুয়ারি নাটোর সদর থানা এবং পৌর কমিটিসহ পর্যায়ক্রমে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা কমিটিও গঠন করা হবে। আগামী ২৮ মার্চ কমিটি চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ রয়েছে।
ছয় বছর পর কমিটি গঠন কেন জানতে চাইলে আমিনুল হক বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অনুকূল পরিবেশ না থাকায় কমিটি গঠন করা যায়নি। তবে দুই বছর আগে তৃণমূল পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করে নির্বাচনে প্রার্থী দেওয়া এবং দলীয় প্রার্থীকে নির্বাচিত করাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে তৃণমূলের সমর্থন ছাড়াই মনোনয়ন দেওয়া হয়েছে। এবার তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একক প্রার্থী দেওয়ার রূপরেখা তৈরি করা হচ্ছে। দলীয়ভাবে সে রকম নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন কমিটি সে নির্দেশনার আলোকে দলের জন্য ত্যাগী, বিগত সময়ে যাঁরা মাঠে থেকে কাজ করেছেন এবং এলাকায় জনপ্রিয়, তাঁদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় শহরের চাঁচকৈড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ এতে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, সহসভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি রোকসানা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি অঞ্জরী আফসারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজিল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আজমুল হক বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান শাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুল হক শেখ।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজকে উপজেলা কমিটির সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান শাহকে সাধারণ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর আলী শেখকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মশিউর রহমানকে সভাপতি, উপজেলা যুবদলের সভাপতি আজমল হককে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম শেখকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।