নতুন উপজেলায় 'না'

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নবাসী সম্ভাব্য নতুন উপজেলার সঙ্গে যুক্ত হতে চাইছেন না। তাঁরা রাজনগরের সঙ্গে থাকতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ও সরকারি ওই সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছেন।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে জেলার কুলাউড়ার শরীফপুর, হাজীপুর ও টিলাগাঁও; কমলগঞ্জের পতনউষার ও শমশেরনগর এবং রাজনগরের কামারচাক ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের প্রাথমিক তৎপরতা শুরু করে। এ খবর প্রচারের পরই কামারচাক ইউনিয়নবাসী নতুন উপজেলার সঙ্গে যুক্ত না হতে আন্দোলন শুরু করেন। গত ২৯ জুন কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সভায় নতুন উপজেলায় কামারচাক ইউনিয়নকে সম্পৃক্ত না করতে সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ জুলাই ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার মানুষের স্বাক্ষর করা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। ৯ আগস্ট উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় কামারচাক ইউনিয়নকে রাজনগরের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কামারচাক ইউনিয়ন জনস্বার্থ সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিষদের আহ্বায়ক ও কামারচাক ইউপির চেয়ারম্যান নজমুল হকের সভাপতিত্বে গত বুধবার তারাপাশা বাজারে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, কোনোভাবেই কামারচাককে রাজনগর থেকে বিচ্ছিন্ন করে নতুন উপজেলার সঙ্গে নেওয়া যাবে না। কামারচাকবাসী কামারচাককে নতুন উপজেলার সঙ্গে যুক্ত না করতে কঠোর আন্দোলন-সংগ্রাম করতে প্রস্তুত রয়েছেন। কামারচাককে নতুন উপজেলার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া বন্ধ করা না হলে নতুন নতুন কর্মসূচি দেওয়া হবে।
কামারচাক ইউনিয়নের কয়েকজন বাসিন্দা দাবি করেন, রাজনগর সদরের সঙ্গে কামারচাক ইউনিয়নের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার। নতুন উপজেলা সদর ওসমানগড় বা শমশেরনগর যেখানেই হোক, কামারচাক ইউনিয়ন থেকে এর দূরত্ব ১৫ থেকে ১৬ কিলোমিটার। কামারচাক ইউনিয়নকে নতুন উপজেলার সঙ্গে যুক্ত করা হলে ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা রক্ষা—সবদিক থেকে সংকট সৃষ্টি হবে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নজমুল হক বলেন, তাঁর ইউনিয়নে ২৬ হাজার মানুষ বাস করেন। ইউনিয়নের শতভাগ মানুষ রাজনগরের সঙ্গে থাকার পক্ষে। এ দাবি আদায়ে যত ধরনের আন্দোলন প্রয়োজন, তা ইউনিয়নবাসী করবেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুর আক্তার বলেন, ‘আমরা পরিষদের সভায় কামারচাককে রাজনগরের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’