নতুন উপাচার্য মো. আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগসংক্রান্ত এক আদেশ জারি করা হয়। আনোয়ার হোসেনকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

আনোয়ার হোসেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অধ্যাপক আনোয়ার ওই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৬ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্য পদটি শূন্য ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব বলেন, আনোয়ার হোসেনকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নিয়োগসংক্রান্ত এ আদেশ জারি করে।