আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য কামাল উদ্দিনকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দেবেন। একই সঙ্গে কুষ্টিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আবদুল হাকিম সরকারের নামে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত হচ্ছে, আপাতত সেখানে সহ-উপাচার্য দেওয়া হবে না।শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্য পরিবর্তনের দাবি উঠেছে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি।’ মন্ত্রণালয়ের সূত্রমতে, সারসংক্ষেপের বিষয়টি জানতে পেরে উপাচার্য ও সহ-উপাচার্য নিজ থেকেই অব্যাহতির বিষয়ে পত্র দিয়েছেন। এতে সহ-উপাচার্য অব্যাহতির বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।গতকাল প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে সহ-উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তীব্র আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপাচার্য ও সহ-উপাচার্যকে নিজ থেকেই অব্যাহতি নেওয়ার পরামর্শ দিয়েছিল সরকার। কিন্তু তা না করায় তাঁদের অব্যাহতি দিতে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগে উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীর বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষকেরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগ তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটির সূত্রে জানা গেছে, তদন্তে অনেক অভিযোগের সত্যতা পাওয়া গেছে।