নতুন এমডি না আসা পর্যন্ত বিমানে থাকছেন কেভিন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল আরও কয়েক মাস থাকছেন বলে জানা গেছে।
বিমান সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল বিমানে কেভিন স্টিলের শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও নতুন এমডি নিয়োগ না দেওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে বিমানের পরিচালনা পর্ষদ। কেভিন তাতে সম্মত হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি উপকমিটির নতুন এমডি খোঁজার জন্য কাজ করছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, এমডিকে আরও কয়েক মাস দায়িত্ব পালনের জন্য বিমানের পরিচালনা পর্ষদ অনুরোধ করেছে। তিনি দায়িত্ব অব্যাহত রাখার জন্য কিছু শর্ত দিয়েছেন।
ব্রিটিশ নাগরিক কেভিন স্টিল ৬৩ বছর বয়সে গত বছরের ১৮ মার্চ বাংলাদেশ বিমানে যোগ দেন। গত জানুয়ারিতে তিনি পদত্যাগপত্র দেন। ২৩ মার্চ তা প্রকাশ পায়। ওই দিন তিনি প্রথম আলোকে বলেন, তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন।