নতুন এলাকা প্লাবিত, শিশুর মৃত্যু
টানা চার দিনের ভারী বর্ষণ ও ঢলের পানিতে মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের জেলায় শতাধিক গ্রামের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে চকরিয়া ও পেকুয়ায় গত মঙ্গলবার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। গতকাল বুধবার জেলায় নতুন করে পানিতে তলিয়ে যায় রামু, কক্সবাজার সদর ও উখিয়ার নিচু এলাকা। সদরের ইসলামাবাদ ইউনিয়নে স্রোতে ভেসে মারা গেছে এক শিশু।
গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী, মরিচ্যা ও পানিরছড়া এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে ছোট যানবাহন চলাচল। এ ছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে বান্দরবানে শহরের শঙ্খ নদের তীরবর্তী নিচু এলাকা গতকাল প্লাবিত হয়েছে। ১০টি আশ্রয়কেন্দ্রে কমপক্ষে ৬০০ পরিবার আশ্রয় নিয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, টানা কয়েক দিনের বন্যায় জেলায় তিন লাখের মতো লোক পানিবন্দী হয়ে পড়ার খবর পাওয়া গেছে। পানিবন্দী লোকজনের জন্য ত্রাণসামগ্রী পৌঁছানো হচ্ছে। তা ছাড়া পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। চকরিয়া ও পেকুয়ার দুর্গত মানুষের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢলে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, চৌফলদন্ডী, খুরুশকুল, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের ৪৫টি গ্রাম ডুবে গেছে। ঈদগাঁও নদীর পানির স্রোতে বেড়িবাঁধ ভেঙে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নদীর স্রোতে ভেসে প্রাণ হারিয়েছে উম্মে সালমা (৭) নামের এক শিশু। সে ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফের খীল গ্রামের আব্বাছ উদ্দিনের মেয়ে। দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম বলেন, গত মঙ্গলবার রাতে ঢলের পানিতে বিলীন হয়েছে ‘ঈদগাঁও-ফরাজীপাড়া-পোকখালী’ সড়কের কয়েকটি অংশ। এ কারণে গতকাল বুধবার সকাল থেকে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। পানিতে ডুবে গেছে জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক, পূর্ব লরাবাক, মোহনভিলা, পালাকাটা, মাছুয়াপাড়া, তেলীপাড়া, ছাতিপাড়া, বাহারছড়া, ফরাজীপাড়াসহ কয়েকটি গ্রাম।
ঈদগাঁও ভূমি কার্যালয়, ঈদগাহ্ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ উপস্বাস্থ্যকেন্দ্রসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে আছে।
চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনাপাড়া, নতুন মহাল, কালু ফকিরপাড়া, উত্তর পাড়া, সিকদার পাড়া, মাইজপাড়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা চালানো হবে।
বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল ইউনিয়নের অন্তত ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে রামু-নাইক্ষ্যংছড়ি ও ঈদগড়-ঈদগাঁও সড়কের কয়েকটি অংশ ডুবে গিয়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ডুবে গেছে বিভিন্ন রাস্তাঘাট ও বেড়িবাঁধ।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ভারী বর্ষণে উপজেলার সাতটি ইউনিয়নের অন্তত ২৩টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
এ ছাড়া উখিয়ায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামে ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে ইতন বড়ুয়া নামের সাত বছরের এক শিশু।
চকরিয়ায় গতকাল ভোর তিনটা থেকে কমতে শুরু করে বন্যার পানি। রাস্তাঘাট ভেসে উঠতে শুরু করে। কিন্তু সকাল ১০টা থেকে শুরু হয় বৃষ্টি। দুপুর গড়াতেই আবার আগের অবস্থায় ফিরে যায়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নতুন করে বিএমচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া, বদরখালী ও চকরিয়া পৌরসভার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন উপজেলার ১৯০টির মতো গ্রামে বন্যার পানি ঢুকেছে। বানভাসি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, উঁচু স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চকরিয়া পৌরসভার বিভিন্ন সরকারি দপ্তর, আবদুল বারী পাড়া, আমান্যার চর, মাষ্টারপাড়া, দিগরপানখালী, ঢেমুশিয়ার ছৈনম্মারঘোনা, কোনাখালীর জঙ্গলকাটা এলাকায় কোমরপানি। অনেকে গরু-ছাগল, পরিবার-পরিজন নিয়ে এবিসি মহাসড়কের ওপর তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন। তবে তাঁদের অভিযোগ, এ পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যাননি।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, পৌরসভার অন্তত ৯টি গ্রাম গতকাল প্লাবিত হয়েছে। এতে পৌরসভা ভবনেও পানি ঢুকেছে। ভাঙন দেখা দিয়েছে পৌরসভার আবদুল বারী পাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
পেকুয়া ও মাতামুহুরী নদীতে পানি বেড়ে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। এখনো ডুবে গেছে পেকুয়া-বরইতলী সড়ক ও সদর ইউনিয়নের ছয়টি গ্রাম ও শিলখালী ইউনিয়নের ১০টি গ্রাম। প্লাবিত হয়েছে অন্তত সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, উপজেলার দুটি ইউনিয়নের ১৬টি গ্রামের ২০০ শতাধিক বসতঘরে পানি ঢুকেছে। এসব ঘরের লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মহেশখালীতে ৩৮ গ্রামের অন্তত তিন শ ঘরবাড়ি তলিয়ে গেছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম এলাকা পরিদর্শন করেন এবং পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ পরিবারকে আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য পরামর্শ দেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গতকাল রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভবনের প্রথম তলা পানির নিচে ডুবে ছিল। এ ছাড়া বাকখালি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি বাজার ও বাজারপাড়াসহ অন্তত ১০-১২টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ি রামু ও নাইক্ষ্যংছড়ি-বাইশারি সড়কের কয়েকটি অংশে পানিতে ডুবে থাকায় উপজেলার সঙ্গে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী বলেন, গতকাল দুপুর থেকে বাকখালি নদীর পানি বাড়তে থাকে। বিকেল পর্যন্ত তাঁর ইউনিয়নের উপজেলা পরিষদ ভবনসহ উপজেলা সদরের নিচু এলাকা, আশারতলির কিছু অংশ, কমবনিয়াপাড়া, ডংরি হেডম্যানপাড়া, নাইক্ষ্যংছড়ি বাজার পাড়া, বড়ুয়াপাড়া পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সঙ্গে সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা আক্তার বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ছাড়াও বাইশারি ইউনিয়নের নারিশবুনিয়া, পশ্চিম বাইশারি, দক্ষিণ বাইশারি, ঘুনধুম ইউনিয়নের তুমব্রুপাড়া, কোনাপাড়া পানিতে ডুবে গেছে। রাতে বাকখালি নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও বেশি অবনতি হবে।
তিন দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত হয়েছে। শঙ্খ নদের তীরবর্তী জেলা শহরের ওয়াপদাব্রিজ, আর্মিপাড়া, কাশেমপাড়া, বরিশালপাড়া, উজানীপাড়ার অধিকাংশ ঘরবাড়ি ডুবে গেছে। শহরের ১০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এসব এলাকার ছয় শতাধিক পরিবার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলী আকবর প্রথম আলোকে বলেন, জেলা শহরের নিম্নাঞ্চল ও পাহাড়ে বসবাসকারী লোকজন গত মঙ্গলবার থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। জেলা শহরের ১০টি আশ্রয়কেন্দ্রে ৬৬৮ পরিবারের ২ হাজার ৭৪৪ জনকে এবং লামা পৌরসভায় দুটি আশ্রয়কেন্দ্রে ৩৫টি পরিবারের ১৪০ জনকে শুকনো খাবার ও খিচুড়ি দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলার সাতটি উপজেলার প্রত্যেকটিতে পাঁচ টন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, শঙ্খ নদের তীরে শহরের নিম্নাঞ্চলের অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। ওই সব পরিবার এখন আশ্রয়কেন্দ্রে আছে। বন্যার পানি না কমা পর্যন্ত দুর্গত লোকজনকে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে খাবার বিতরণ করা হবে।
শহরের স্বর্ণমন্দির এলাকায় এবং বান্দরবান-রোয়াংছড়ি সড়কে দুটি বেইলি সেতু ডুবে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। গতকাল দুপুরে শহরতলির স্বর্ণমন্দির এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ি ঝিরির ওপর স্থাপিত পাইনছড়া বেইলি সেতু তলিয়ে যাওয়ায় স্থানীয় লোকজন সেতু এলাকা পার হচ্ছিল নৌকায়।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জরিপ কর্মকর্তা শরীফ হোসেন জানান, স্বর্ণমন্দিরে পাইনছড়া সেতুটি প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। তবে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বেইলি সেতুর পানির গভীরতা তেমন বেশি নয়। এ ছাড়া বান্দরবান-রুমা সড়ক ১৩ জুনের পর থেকে বন্ধ রয়েছে।
(প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার এবং বান্দরবান, চকরিয়া ও মহেশখালী প্রতিনিধি)