চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নতুন এলাকায় গ্যাস-সংযোগ দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদার তুলানায় সরবরাহে ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। এ কারণে নতুন এলাকায় গ্যাসের লাইন সম্প্রসারণ করা হবে না। বরং যেসব এলাকায় লাইন বিদ্যমান আছে, সেখানে সংযোগ দেওয়া হবে।
আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক এলাকায় গ্যাস-সংযোগ বন্ধ করার পর গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে ২০১৩ সালের মে থেকে আবাসিক খাতে নতুন করে সংযোগ দেওয়া শুরুর পর অবৈধ সংযোগের প্রবণতা কমে গেছে। তবে এখনো কোনো কোনো এলাকায় অবৈধভাবে গ্যাসের লাইন সংযোগ দেওয়া হচ্ছে। যেসব অবৈধ গ্রাহক সংযোগ নিয়মিত করার আবেদন করেছেন, তাদের নিয়মিত করা হচ্ছে। বাণিজ্যিক ও শিল্প এলাকায় গ্যাসের কোনো অবৈধ সংযোগ নেই বলে প্রতিমন্ত্রী জানান।