নতুন এলাকায় প্লাবন সঙ্গে ভাঙন
ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গতকাল রোববার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পাশাপাশি ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে।ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মোহন মিয়ার হাটে ভাঙন তীব্র আকার নিয়েছে। গত পাঁচ দিনে এ এলাকায় ৪০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ৩৮টি পরিবার ভাঙনের মুখে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে।ফরিদপুর সদরের সাইনবোর্ড এলাকা থেকে চরভদ্রাসন উপজেলার জয়দেব সিকদারের ডাঙ্গি ও মধু ফকিরের ডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীর ধরে দেড় কিলোমিটার অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনের ভাঙনে একটি কালীমন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া জাহাঙ্গীর, শম্ভু, ত্রিনাথ, প্রেমচাঁদ রায়, পট্টমাঝিসহ ১২টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সাদিপুর ও গদাধরডাঙ্গির সঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে ভাজনডাঙ্গা এলাকা।পদ্মার পানি বাড়া অব্যাহত থাকায় ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ২০০ পরিবারের বসতবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকায় পাউবোর একটি বাঁধের বেশ কিছু অংশ গতকাল সকাল আটটার দিকে ধসে গেছে। পাউবো বালুভর্তি বস্তা ফেলে ধসে পড়া অংশটি মেরামতের চেষ্টা করছে।ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার বলেন, ‘আমি গত শুক্রবার আলীয়াবাদ ও গত শনিবার ডিক্রিরচর এলাকা পরিদর্শন করেছি। পানিবন্দী পরিবারের সদস্যদের আশ্রয়কেন্দ্রে আসতে বলেছি। আমাদের পর্যাপ্ত চাল ও টাকা মজুদ আছে। যেসব পরিবার আশ্রয়কেন্দ্রে আসবে, তাদের পরিবার প্রতি ২০ কেজি চাল ও এক হাজার করে টাকা দেওয়া হবে।’সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে গিয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেতরে থাকা কয়েক শ বাড়িঘরে পানি উঠে পড়েছে। সেইসঙ্গে সদরসহ তিন উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়ে পড়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০০ মিটার হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।সিরাজগঞ্জ পাউবো সূত্র জানায়, দুই দিন ধরে যমুনা নদীতে আকস্মিকভাবে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বেড়ে গতকাল সকাল থেকে বিপৎসীমা অতিক্রম করে। দুপুর পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, যমুনার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি বেড়ে যাওয়ায় বাঁধের ভেতরের সদর উপজেলার গুনারগাতী, খেকসাবাড়ী, রাণীগ্রাম, শৈলবাড়ী, খালসাকূড়াসহ পাঁচটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া যমুনা নদীর নিম্নাঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুর, চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ কাজীপুর ও বেলকুচি উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে।সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, ‘পানি বিপৎসীমা অতিক্রম করলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদি পানি এর চেয়ে বেশি বেড়ে যায় তাহলে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হতে পারে। এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলার জন্য সব প্রস্তুতি নেওয়া আছে।