নতুন এশিয়ান ব্যাংক গড়তে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দেশগুলোর বিভিন্ন অবকাঠামাতে বিনিয়োগের জন্য নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশসহ ২১টি রাষ্ট্র গতকাল শুক্রবার ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। নতুন এই ব্যাংকের নাম হবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। আগামী বছরের শেষ নাগাদ ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। খবর সিনহুয়ার।
যুক্তরাষ্ট্র এই ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতা করেছে। তবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সতর্কভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ ছাড়া সমঝোতা স্মারক স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো: চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওমান, কুয়েত, কাতার, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কাজাখস্তান, কম্বোডিয়া, লাওস ও মঙ্গোলিয়া। এই দেশগুলো ২০১৫ সালের মধ্যে আর্টিক্যালস অব অ্যাগ্রিমেন্টে (এওএ) স্বাক্ষর ও অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। এওএ স্বাক্ষরের পর নতুন ব্যাংকটি আগামী বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এওএতে স্বাক্ষরকারী দেশগুলো এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা পাবে।
এআইআইবি এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ এবং অন্যান্য প্রকল্পে তহবিল জোগান দেবে। চীনের অর্থমন্ত্রী লুউ জিউয়ি বলেন, জিডিপির ওপর ভিত্তি করে ব্যাংকের শেয়ার বরাদ্দের বিষয়ে সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলো একমত হয়েছে। তবে চীনের শেয়ার থাকবে সবচেয়ে বেশি। এর আগে চীন পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ দেওয়ার ঘোষণা করেছিল।
চীনের অর্থমন্ত্রী জানান, এশিয়ার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ও বৈশ্বিক উন্নয়নে অংশ নিতে আগ্রহী সব দেশকেই এই ব্যাংক প্রতিষ্ঠায় আমন্ত্রণ জানানো হয়। তিনি জানান, এআইআইবি পরিচালনা কাঠামো হবে তিন স্তরের। স্তর তিনটি হলো: বোর্ড অব গভর্নরস, বোর্ড অব ডিরেক্টরস ও ম্যানেজমেন্ট।
সমঝোতা স্মারকে অনুমোদিত মূলধন হিসেবে ১০ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রাথমিক চাঁদা বা পরিশোধিত মূলধন হিসেবে পাঁচ হাজার কোটি ডলারের তহবিল নিয়ে ব্যাংকটি যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো বেইজিংয়ে এআইআইবির সদর দপ্তর স্থাপনের ব্যাপারে একমত হয়েছে। এশিয়ার আন্তসরকার আঞ্চলিক উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি বিবেচিত হবে।
বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র এআইআইবি গঠনের উদ্যোগের বিরোধিতা করেছে। অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন এই ব্যাংকে যোগ না দিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে অনুরোধ জানিয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, এআইআইবিতে যোগ দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
এডিবি নতুন ব্যাংকটিকে ‘সঠিকভাবে সহযোগিতার কথা বিবেচনা’ করছে। এর প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেন, এশিয়ার অবকাঠামোর জন্য বিশাল তহবিল প্রয়োজন। এআইআইবি থেকেও সেই তহবিলের জোগান আসবে। তবে এটাও গুরুত্বপূর্ণ যে নতুন ব্যাংকটি আন্তর্জাতিক রীতিনীতি মেনে এবং পরিবেশ ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সংগতি রেখে প্রকল্প ও কর্মসূচি পরিচালনা করবে।