নতুন এশিয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এশিয়ার আরেক ভবিষ্যতের স্বপ্ন: পরিবর্তনের পথ ও চিন্তা’ শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার। মালয়েশিয়ার বর্তমান ও জাপানের সাবেক ফার্স্ট লেডি এবং বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন গবেষক এতে যোগ দেবেন।চট্টগ্রামভিত্তিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) আয়োজনে ২০ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের সিম্পোজিয়ামটি শুরু হবে। গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে এইউডব্লিউ কর্তৃপক্ষ সিম্পোজিয়ামের নানা দিক তুলে ধরে। চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান আয়োজকেরা। তাঁরা বলেন, এশিয়া অঞ্চলের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করা হবে সিম্পোজিয়ামে।জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ পাচুরি ও মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির সিম্পোজিয়ামে জলবায়ু পরিবর্তন ও নারী উন্নয়ন বিষয়ে বক্তব্য দেবেন। মালয়েশিয়ার ফার্স্ট লেডি দাতিন পাদুকা সেরি রসমা মানসুর ও জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিই আবেও বক্তব্য দেবেন।বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ বলেন, এশিয়া অঞ্চলের পিছিয়ে পড়া জাতি ও নারীদের সামনে এগিয়ে নেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস, ভারতের টাটা গ্রুপের রতন টাটাসহ বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।উদ্যোক্তারা জানান, একটি পৃথক আইনের আওতায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বিশ্বের ১২টি দেশের ৪৫০ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের ৯৯ শতাংশই শতভাগ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। সংশ্লিষ্ট আইনে এখানে বাংলাদেশের ২৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা বাধ্যতামূলক। তবে এখন স্থানীয় শিক্ষার্থীর সংখ্যা ৪০ শতাংশ। আগামী তিন বছরের মধ্যে এক হাজার এবং সাত বছরের মধ্যে তিন হাজার শিক্ষার্থীকে ভর্তি করানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অর্ধেককে পুরোপুরি বৃত্তি দেওয়া হবে।ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ আরও বলেন, সরকার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য ২০ লাখ বর্গফুট জমি বরাদ্দ দিয়েছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ব্রুনাইয়ের সুলতান, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এ পর্যন্ত পাঁচ কোটি ডলার অনুদান দিয়েছেন। পরিকল্পনামতো পুরো ক্যাম্পাস নির্মাণ ও তহবিলের জন্য আরও ১৫ কোটি ডলার লাগবে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক ও শিক্ষা সহায়তা দিচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, এশিয়ার আগামী দিনের নেতৃত্ব তৈরি করা হবে এর লক্ষ্য।