আর দুই দিন পর নির্বাচন। আজ সোমবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চলছে নওগাঁ পৌরসভার প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। ভোটাররাও প্রার্থীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন।
তবে এই পৌরসভায় এবার মেয়র পদে জয়-পরাজয়ে ভূমিকা রাখবেন নতুন ভোটার ও উন্নয়নবঞ্চিত বর্ধিত অঞ্চলের ভোটাররা। পৌরসভার বিশিষ্ট নাগরিক, প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
নওগাঁ পৌরসভায় এবার মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (আওয়ামী লীগ), নজমুল হক (বিএনপি), আব্দুল ওয়াহাব (স্বতন্ত্র) ও শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। প্রার্থীরাও উন্নয়নবঞ্চিত বর্ধিত এলাকা ও নতুন ভোটারদের প্রতি বেশি গুরুত্ব দিয়ে তাঁদের কাছে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ পৌরসভা নির্বাচনে এবার ভোটার ১ লাখ ৫ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ৯৫০ এবং নারী ভোটার ৫২ হাজার ৮৩০ জন। গতবার ভোটার ছিলেন ৮৫ হাজার ৬১৩ জন। নতুন ভোটার ২০ হাজার ১৬৭ জন। পৌরসভার বর্ধিত অংশে ভোটারসংখ্যা এক-তৃতীয়াংশের বেশি।
নওগাঁ পৌর কার্যালয় সূত্রে জানা যায়, নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৬৩ সালের ১২ জুলাই নওগাঁ পৌরসভা গঠিত হয়। তখন উকিলপাড়া, মাস্টারপাড়া, পার নওগাঁ, কাজীপাড়া, হাট নওগাঁ, কালীতলা ও ধর্মতলা ছিল পৌরসভার অন্তর্ভুক্ত। ১৯৮৯ সালে আরও কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হয়। এসব এলাকা হলো রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া, জগৎসিংহ, খালিশকুড়ি, ভবানীপুর, সুলতানপুর জেলেপাড়া, আনন্দনগর, কোমাইগাড়ী, বরুনকান্দি, শিবপুর, চকবাড়িয়া ও চকরাম চন্দ্র গ্রাম। পুরো পৌরসভায় দেড় লাখের বেশি লোকের বসবাস। এর মধ্যে সম্প্রসারিত অংশে বসবাস করে ৬০ হাজার মানুষ।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের নওগাঁ জেলা সভাপতি কিউ এম সাঈদ বলেন, ‘বর্ধিত পৌরসভার ভোটাররা এবার নির্বাচনে প্রধান নিয়ামক হতে পারেন। তাই এসব অঞ্চলের ভোটারদের কাছে প্রার্থীরা বেশি যাচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া নতুন ভোটাররাও এবার জয়-পরাজয়ে অন্যতম নিয়ামক হতে পারেন। এই ভোটাররা বেশির ভাগই শিক্ষিত এবং রাজনীতিসচেতন। এঁরা শিক্ষিত ও সৎ প্রার্থী দেখে ভোট দেবেন বলে আমার ধারণা।’
বর্ধিত পৌরসভার বোয়ালিয়া, আনন্দনগর, শিবপুর, ভবানীপুর ও রজাকপুরের ১৮ থেকে ২০ জন ভোটার জানান, উন্নয়নের প্রতিশ্রুতির কথায় তাঁরা আর ভুলতে চান না। বারবার তাঁরা প্রতারিত হয়েছেন। তাই এবার তাঁরা ভেবেচিন্তে ভোট দেবেন। যাঁকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, তাঁকেই বেছে নেবেন তাঁরা।
কথা হয় পৌরসভার নতুন ভোটার নিলয়, তাসরিফ, আরমান ও মাহফুজ আহমেদের সঙ্গে। তাঁরা বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁরা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সততা, অতীত ইতিহাস এবং পরিশেষে প্রার্থীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভোট দেবেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দেওয়ান ছেকার আহমেদ বলেন, ‘আমার উন্নয়ন পরিকল্পনার এক নম্বর পৌরসভার বর্ধিত অংশের রাস্তাঘাটের উন্নয়ন এবং পানির সংযোগ দেওয়া। ভোটাররাও এসব দাবি আমার কাছে তুলে ধরছেন। আমি ভোটারদের কাছে তাঁদের দাবি পূরণে অঙ্গীকার করেছি। আর নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নেবে বলে আমার বিশ্বাস।’
বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী নজমুল হক বলেন, ‘আমি পাঁচ বছর ক্ষমতায় থেকে পৌরসভার বর্ধিত অংশে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি। এ ছাড়া অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছি, যেগুলো শেষ করতে পারিনি। আশা করছি, ভোটাররা অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আমাকে আবারও নির্বাচিত করবেন।’