নতুন ওয়ার্ড তালাবন্ধ, বারান্দায় রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ওয়ার্ড ও বিছানা ঠিকই আছে, কিন্তু তা তালাবন্ধ। তাই শয্যার সংকটে বারান্দায় ঠাঁই হয়েছে এই রোগীর। ছবিটি গত মঙ্গলবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের বারান্দা থেকে তোলা l প্রথম আলো
নতুন ওয়ার্ড ও বিছানা ঠিকই আছে, কিন্তু তা তালাবন্ধ। তাই শয্যার সংকটে বারান্দায় ঠাঁই হয়েছে এই রোগীর। ছবিটি গত মঙ্গলবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের বারান্দা থেকে তোলা l প্রথম আলো

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামের রেজিয়া বেগমের (৫৫) ডান পা প্রচণ্ড ব্যথায় ফুলে গেছে। তাঁর গায়েও প্রচণ্ড জ্বর। এই অবস্থায় গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে তালাবদ্ধ স্টোররুমের সামনে একটি চৌকিতে শুয়ে কাতরাচ্ছেন রেজিয়া।
রেজিয়া প্রথম আলোকে বলেন, ‘দিন দশেক তে পায়ের ব্যথাত পানি আইছে, পা ফুলে গেছে। গায়োত জ্বর। হাসপাতালোত ভর্তি হবা আনো। সিট নাই। ওষুধ যেলা দিছে অর্ধেক কিনবা লাগোছে। হাতোত টাকা নাই। ঠান্ডাত কোটে থাকমো। চলে যাবা চাচো।’
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আলট্রাসনোগ্রাম, ইসিজি মেশিন ও জেনারেটর থাকলেও তা বাক্সবন্দী। নতুন ওয়ার্ড, বিছানা—সবই তালাবন্দী। সেকেলের এক্স-রে মেশিন দিয়ে বড় ধরনের এক্স-রে করা যাচ্ছে না। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পুরো ওয়ার্ডে রোগী ভর্তি। ওয়ার্ডের বাইরের বারান্দায়ও শুয়ে রয়েছেন উপজেলার চকদুর্গা গ্রামের সিনথিয়া আফরিন নামের এক রোগী।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করেন। এর আগে ২০১২ সালের ২২ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সটির ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য নির্মাণ করা নতুন ভবনে রয়েছে ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অস্ত্রোপচার কক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার। এ ছাড়া চিকিৎসক ও কর্মচারীদের জন্য পৃথক নতুন আবাসিক কোয়ার্টার রয়েছে। কিন্তু এখনো জনবলসহ আর্থিক সুবিধা না পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটির ১৯টি বিছানা (বেড), দুটি কেবিন তিন বছর থেকে তালাবদ্ধ।
৩১ শয্যার জনবলকাঠামো অনুযায়ী হাসপাতালটিতে একজন স্বাস্থ্য কর্মকর্তাসহ নয়জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আবাসিক চিকিৎসক, দুজন চিকিৎসা কর্মকর্তা, ডেন্টাল সার্জনসহ পাঁচজন চিকিৎসকের পদ শূন্য। এর মধ্যে জুনিয়র গাইনি কনসালট্যান্ট ইশরাত শারমিন ও জুনিয়র সার্জারির কনসালট্যান্ট দ্বিজেন শর্মা সপ্তাহে দুদিন আসেন কর্মস্থলে। এই অবস্থায় গত মাসে আবাসিক চিকিৎসকসহ দুজন চিকিৎসককে বদলি করা হয়েছে। এদিকে একজন নার্সিং সুপারভাইজার, একজন জ্যেষ্ঠ নার্স, একজন সহকারী নার্স নেই। নেই ম্যাকানিক, নিরাপত্তা প্রহরী। ক্যাশিয়ার ও অফিস সহকারী রয়েছেন প্রেষণে।
এদিকে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হতো। বর্তমানে বহির্বিভাগে রোগীদের কাছ থেকে তিন টাকা ও ভর্তির জন্য আট টাকা আদায় করা হচ্ছে। বিভিন্ন ধরনের পরীক্ষা ও এক্স-রে করাতে আগের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি আদায় করা হচ্ছে। এ ছাড়া ৫০ শয্যার কার্যক্রম ও সেবা চালু না হলেও ২০১৫ সালের ২২ জুলাই থেকে অধিদপ্তরের পরিচালকের (প্রশাসনের) মৌখিক অনুমতিতে রোগীদের কাছ থেকে সেবামূল্য নেওয়া হচ্ছে।
ওই দুই চিকিৎসকের সপ্তাহে দুই দিন আসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রথম আলোর কাছে স্বীকার করে বলেন, ওই দুই চিকিৎসকের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তাঁরা সপ্তাহে দুই দিন আসেন। তবে তিনি তাঁদের নিয়মিত হওয়ার জোর তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেন, ৫০ শয্যার সুবিধা চালু না হওয়া পর্যন্ত ৩১ শয্যার হারে সেবামূল্য আদায়ের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।