চট্টগ্রামের লোহাগাড়ার এক কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) লোহাগাড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আধুনগর সামশুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান তাঁরা। সম্মেলনে আগামী তিন বছরের জন্য সুনীল কুমার চৌধুরীকে সভাপতি ও মো. হোসেনকে সাধারণ সম্পাদক করে লোহাগাড়া উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, নুরুল ইসলাম, আবদুল গনি, মো. শহীদুল ইসলাম, প্রিয়দর্শী বড়ুয়া, গোপাল বড়ুয়া, আবদুল খালেক প্রমুখ।