নতুন কমিটি নিয়ে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটি নিয়ে দলে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। হঠাৎ করেই সাত সদস্যের কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়ায় প্রকাশ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার এই দুটি পক্ষ জেলা যুবদলের ব্যানারে পৃথকভাবে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০০৪ সালে। সেই কমিটিই এত দিন ধরে দায়িত্ব পালন করে আসছিল। গত সপ্তাহে হঠাৎ করেই ওবায়েদ পাঠানকে সভাপতি ও তবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এরপর থেকেই নতুন এই কমিটি নিয়ে স্থানীয় যুবদল নেতারা এমনকি জেলা বিএনপিতেও নানামুখী তৎপরতা শুরু হয়। প্রভাব খাটিয়ে নতুন কমিটি অনুমোদন করিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাংসদ প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম—এমন অভিযোগ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন যুবদলের আগের কমিটির নেতারা। একই রকম দাবি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ আসিফা আশরাফীও। জেলা যুবদলের আগের কমিটির আহ্বায়ক আসাদুল্লাহ আহমদ বলেন, সম্পূর্ণ অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগের আহ্বায়ক কমিটির সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই গোপনে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন তাঁরা কেউই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি। আসাদুল্লাহ আহমদ আরও বলেন, ‘আমরা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের যুবদল নেতারা এই কমিটি মানি না। সরকারবিরোধী চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত করার জন্যই ষড়যন্ত্রমূলক এই কমিটি করা হয়েছে।’ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাদিউল হক বলেন, জেলার রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই আমিনুল ইসলাম দলের বাইরের লোকজনকে নিয়ে এই কমিটি করেছেন। এ নিয়ে যুবদল নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সাংসদ আসিফা আশরাফী বলেন, ‘হঠাৎ করে ফ্যাক্সের মাধ্যমে আসা এই কমিটি সম্পর্কে স্থানীয় বিএনপি ও যুবদল মোটেও অবহিত নয়। স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাঁদের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর যে অনুষ্ঠান হয়েছে, তাতে আওয়ামী লীগ সমর্থকেরা উপস্থিত ছিলেন।’ওবায়েদ পাঠান ও তবিউল ইসলাম নিজেদের বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ও নতুন কমিটি গঠনতন্ত্র মেনেই করা হয়েছে বলে দাবি করেছেন। ওবায়েদ পাঠান বলেন, ‘আমি ১৫ বছর ধরে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। হারুন-পাপিয়ার স্বৈরাচারী আচরণের কারণেই আমরা তাঁদের খপ্পর থেকে বেরিয়ে এসেছি। তাঁদের বৈঠকখানা থেকে যুবদলের রাজনীতিকে বাইরে নিয়ে এসেছি।’ তবিউল ইসলাম বলেন, ‘আমি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম এবং সংসদ ও পৌর নির্বাচনে দলের পক্ষেই ভূমিকা রেখেছি।’যুবদলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও গত সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘নতুন এই কমিটি গঠনে আমি তেমন কোনো ভূমিকাই রাখিনি। যুবদলের কেন্দ্রীয় নেতারা এই কমিটির অনুমোদন দিয়েছেন। এ ক্ষেত্রে আমার খুব বেশি কিছু করার ছিল না।’জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান মিয়া বলেন, নতুন কমিটি নিয়মতান্ত্রিকভাবে গঠন করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানানো হয়েছে।